অনিয়মের অভিযোগ তুলে ২৪ বছর বয়সেই অবসরে পাকিস্তানি ক্রিকেটার

পাকিস্তানের ক্রিকেটে রাজনীতি, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ করে ক্ষোভে অবসরের ঘোষণা দিয়েছেন এক তরুণ ক্রিকেটার। মাত্র ২৪ বছর বয়সেই ক্রিকেট ছেড়েছেন শাহজাইব ভাট্টি। তার অবসরে নতুন বিতর্ক তৈরি হয়েছে পাকিস্তান ক্রিকেটে।
পাকিস্তানের ক্রিকেটে কাঠামোর সমস্যা নিয়ে মুখ খুলেছেন অনেকেই। তবে ক্রিকেটে রাজনীতি এবং দুর্নীতি নিয়ে সরাসরি কোনো তরুণ ক্রিকেটার এভাবে আগে প্রকাশ্যে মুখ খোলেননি। তাই ভাট্টির অবসর ঘোষণার সিদ্ধান্তে আলোচনা-সমালোচনা হচ্ছে।
২০২৪-২৫ মৌসুমে কায়েদ-ই-আজম ট্রফির ফাইনালে শিয়ালকোট অঞ্চলের হয়ে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ভাট্টি। রোমাঞ্চকর সেই ম্যাচে পেশোয়ার অঞ্চলের বিপক্ষে ১ রানের জয় পেয়েছিল ভাট্টির দল। কিন্তু অজ্ঞাত কারণে ওই ম্যাচের পর আর খেলার সুযোগ দেওয়া হয়নি তাকে বলে অভিযোগ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাট্টি লিখেছেন, 'বিদায় পাকিস্তান ক্রিকেট। ২৪ বছর বয়সেই আমি পাকিস্তানের ক্রিকেটকে বিদায় জানাতে বাধ্য হচ্ছি। গত বছর কায়েদ-ই-আজম ট্রফিজয়ী দলের অন্যতম সদস্য ছিলাম। টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয়েছিল ফাইনাল। ওই ফাইনালের পর টানা প্রায় ৪০টি ম্যাচ আমাকে বসিয়ে রাখা হয়েছে।'
'আমার একমাত্র স্বপ্ন পাকিস্তানের হয়ে খেলা। কিন্তু রাজনীতি, দুর্নীতি, কাঠামোগত অভাব আমার ক্রিকেটজীবনের ক্ষতি করছে। আমার মতো অনেককেই আছে, যারা পাকিস্তান ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন। যাই হোক, আমিও বিদায় জানালাম।'
এইচজেএস