ভারতের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন গম্ভীর

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত। একই সঙ্গে একটি রেকর্ড গড়েছেন সূর্যকুমার যাদবরা। বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার শিরোপা জেতার নজির গড়ল তারা।
ভারতের এবারের শিরোপা জয়ে বড় অবদান সাঞ্জু স্যামসনের। এই ওপেনার আসরের শুরুর দিকে একাদশে নিয়মিত ছিলেন না। তবে শেষের দিকে তার ওপরই ভরসা রাখেন গৌতম গম্ভীর। কোচের ভরসার সেই প্রতিদান ব্যাট হাতে দিয়েছেন স্যামসন।
শেষ তিন ম্যাচে টানা ফিফটি করেছেন স্যামসন। বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তাকে নিয়ে গম্ভীর বলেন, 'সাহসিকতার চেয়েও এটা ছিল কৌশলগত পরিবর্তন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমার আর অধিনায়কের কখনোই মনে হয়নি সাঞ্জু ফর্মে নেই।'
'নিউ জিল্যান্ড সিরিজের পর আমাদের মনে হয়েছে তার বিশ্রাম প্রয়োজন। লিডারশিপ গ্রুপ হিসেবে মাঝেমধ্যে কাউকে বিশ্রাম দেওয়াটাও ভালো সিদ্ধান্ত। কারণ এতে চাপ থেকে কিছুটা দূরে থাকা যায়, মাথার সব কিছু ঝেড়ে ফেলা যায় এবং নতুনভাবে ফিরে আসা যায়।'-যোগ করেন তিনি।
স্কোয়াডে বেশ কয়েকজন ক্রিকেটার থাকায় একাধিক কম্বিনেশনে একাদশ গড়ার সুযোগ ছিল গম্ভীরের। সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন ভারত কোচ, 'অবশ্যই বিভিন্ন কম্বিবেশনে খেলার সুযোগটাও আমাদের ছিল। আর এটাই এই দলের গভীরতা। ব্যাটিং অর্ডারের ওই পজিশনে (নিচের দিকে) রিঙ্কু ছিল।'
'পরে মনে হয়েছে, টপ অর্ডারে টানা তিন বাঁহাতির ধারায় পরিবর্তন আনা দরকার; সেটা অবশ্যই অফ-স্পিনারের বিপক্ষে ভোগান্তির কথা ভেবে নয়। অফ-স্পিনার আমাদের দুই বাঁহাতি ব্যাটসম্যানের জন্য সমস্যা তৈরি করবে—এমন আলোচনা কখনোই হয়নি। আমরা শুধু চেয়েছিলাম ওপরের দিকে সাঞ্জুর মতো সক্ষম ও বিস্ফোরক কাউকে রাখতে, যাতে এক, দুই ও তিন নম্বরে আমাদের তিনজন বিধ্বংসী ব্যাটার থাকে। এটাই ছিল মূল কারণ। এটা সাহসী সিদ্ধান্ত মনে হয় না আমার, এটা ছিল স্রেফ কৌশল।'-যোগ করেন তিনি।
এইচজেএস