বিসিএলে কোচের দায়িত্ব না পাওয়ায় অবাক হয়েছিলেন সোহেল

মার্চের প্রথম সপ্তাহে শেষ হয়েছিল ওয়ানডে ফরম্যাটে বিসিএল টুর্নামেন্ট। যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল সেন্ট্রাল জোন। আর এবারের টুর্নামেন্টে কোনো দলেই কোচের দায়িত্বে ছিলেন না দেশের অন্যতম সেরা কোচ সোহেল ইসলাম। যদিও ঘরোয়া থেকে জাতীয় দল, সব ক্রিকেটারদের সঙ্গে কাজ করে থাকেন সোহেল।
বিজ্ঞাপন
মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা খারাপ সময়ে সোহেলের শরণাপন্ন হন। এমনকি সাকিব আল হাসানকেও কাজ করতে দেখা গেছে এই কোচের সঙ্গে। বর্তমানে বাংলাদেশ টাইগার্সের প্রধান কোচ হিসেবে কর্মরত রয়েছেন সোহেল। এর আগে থেকেই দেশের ঘরোয়া সব লিগে দেখা যায় তাকে। তবে সবশেষ বিসিএলে দায়িত্ব না পাওয়ায় অসম্মানিত বোধ করার চেয়ে অবাক হয়েছেন বেশি।
ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে সোহেল বলেন, ‘শুরুতে আমার নাম ছিল শুনেছি। কিন্তু পরে কেন ছিলাম না এটা আসলে আমি বলতে পারব না। এটা টুর্নামেন্ট কমিটি বলতে পারবে, যাদের অধীনে এই টুর্নামেন্টটি হয়েছিল তারাই জানে আমি কেন ছিলাম না সবশেষ টুর্নামেন্টে। আমিও সেখানে কোচ হতে চেয়েছিলাম। যেহেতু টাইগার ক্যাম্পের দায়িত্বে ছিলাম এবং জাতীয় দলের সব ক্রিকেটার এখানে খেলছিল। সেই হিসেবে আমারও থাকার কথা ছিল।’
বিসিএলে কোচিংয়ের দায়িত্ব না পাওয়ায় অবাক হয়েছেন সোহেল, ‘পরে যখন কোচদের তালিকায় নাম নেই জানলাম, তখন খারাপ লাগা কিংবা ভালো লাগার ব্যাপার ছিল না। একটু তখন অসম্মানিত মনে হচ্ছিল নিজের কাছে এবং একই সাথে অবাক হয়েছিলাম বেশি।’
বিজ্ঞাপন
এসএইচ/এএইচএস