ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিংয়ে যে ইতিবাচক দিক দেখছেন আশরাফুল

সবশেষ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। বর্তমানে খেলা না থাকায় ছুটিতে রয়েছেন ক্রিকেটাররা। তবে মাথায় থাকছে আগামী বছরের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের ভাবনা। অবশ্য ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং বিভাগে নতুন করে ভালো করার আভাস দেখছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
বিজ্ঞাপন
তার মতে, ধারাবাহিক উন্নতি, দায়িত্বশীলতা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাই দলকে এগিয়ে নিচ্ছে। আজ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবস উপলক্ষে মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত প্রীতি ম্যাচ শেষে কথা বলেন আশরাফুল।
টানা দুটি সিরিজ জিতে ৫০ ওভারের ক্রিকেটে দলের উন্নতির ধারা নিয়ে আশরাফুল বলেন, ‘ওয়ানডে সব সময়ই আমাদের প্রিয় ফরম্যাট ছিল। মাঝখানে হয়তো আমরা খুব ভালো খেলতে পারিনি, কিন্তু এখন আমরা টানা দুটি সিরিজ জিতেছি। ব্যাটাররাও ভালো করছে।’
সাম্প্রতিক সাফল্যের পেছনে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টিকে বড় করে দেখছেন আশরাফুল, ‘ওই সিরিজে আমরা ভিন্ন ধরনের উইকেটে খেলেছি। শেষ ম্যাচে সাইফ ও সৌম্য সরকারের ব্যাটিং ছিল অসাধারণ।’
বিজ্ঞাপন
সবশেষ পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও ওপেনারদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন আশরাফুল, ‘নকআউট ম্যাচে তানজিদ তামিম ও সাইফের ১০০ রানের জুটি দলকে ভালো জায়গায় নিয়ে গেছে। ব্যাটাররা দায়িত্ব নিচ্ছে, বড় রান করার চেষ্টা করছে। সবাই নিজের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করছে— এটা অবশ্যই ইতিবাচক।’
এসএইচ/এফএইচএম