জৌলুস ছাড়াই শুরু হবে আইপিএল, শেষ উৎসবে

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম শিরোপা উদযাপন অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর শোক এখনো কাটিয়ে ওঠেনি আইপিএল। তাই তো এবারের আসর শুরু হচ্ছে কোনো জৌলুস ছাড়া।
বিজ্ঞাপন
পরপারে পাড়ি জমানো ১১ দর্শক-সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের আইপিএলে কোনো উদ্বোধনী অনুষ্ঠান রাখেনি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। প্রথাগত এই আয়োজন থেকে সরে এসেছে তারা। আগামী শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরু উদ্বোধনী ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে।
এই ম্যাচের আগে কোনো ধরনের উদযাপন করা হবে না। টাইমস অব ইন্ডিয়া-এর প্রতিবেদন অনুযায়ী, আইপিএল গভর্নিং কাউন্সিল ৩১ মে জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘গত বছরের ৪ জুনের সেই মর্মান্তিক ঘটনার কারণে বেঙ্গালুরুতে আইপিএল-২০২৬ শুরুর দিনে কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান হবে না। সেই ট্র্যাজেডিতে যারা প্রাণ হারিয়েছেন, তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আইপিএল-১৯-এর শুরুতে বিসিসিআই কোনো সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করছে না।’ তিনি আরও যোগ করেন, ‘তবে বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল ফাইনালের দিন (৩১ মে) আইপিএলের সমাপনীতে একটি বিশাল বিনোদনমূলক অনুষ্ঠানের পরিকল্পনা করছে।’
বিজ্ঞাপন
২০২৫ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে একটি বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে পারফর্ম করেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান, গায়ক শ্রেয়া ঘোষাল ও করণ আউজা এবং অভিনেত্রী দিশা পাটানি।
এফএইচএম/