একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে করা বিতর্কিত মন্তব্যের জেরে পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদের বিরুদ্ধে মানহানির মামলা করার পথে হাঁটছেন পাকিস্তানের সাবেক সফল অধিনায়ক ও কোচ মিসবাহ-উল-হক। আজ শনিবার (২৮ মার্চ) বিকেলে মিসবাহর পক্ষ থেকে শেহজাদকে পাঠানো হয় আনুষ্ঠানিক আইনি নোটিশ।
বিজ্ঞাপন
সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে আহমেদ শেহজাদ অভিযোগ করেন যে, উদীয়মান ক্রিকেটার হাসিবুল্লাহর বেতন না পাওয়ার পেছনে মিসবাহ-উল-হক দায়ী। শেহজাদের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছেন মিসবাহ। তার মতে, এ ধরনের ভিত্তিহীন বক্তব্যে তার দীর্ঘদিনের অর্জিত সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
মিসবাহর আইনজীবী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, তারা শেহজাদের পক্ষ থেকে জবাবের অপেক্ষায় আছেন। অন্যদিকে, আহমেদ শেহজাদও বসে নেই। তিনিও তার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন এবং আগামী কয়েক দিনের মধ্যে এই নোটিশের আনুষ্ঠানিক জবাব দেবেন বলে জানা গেছে।
সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে এমন কাদা ছোড়াছুড়ি এবং আইনি লড়াই পাকিস্তানের ক্রিকেট ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও বিশ্লেষকরা খেলোয়াড়দের পেশাদার আচরণ এবং পাবলিক প্ল্যাটফর্মে কথা বলার সময় দায়িত্বশীল হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বিতর্ক শুরু করেছেন।
বিজ্ঞাপন
পাকিস্তানে তারকা খেলোয়াড়দের মধ্যে এমন মানহানির ঘটনা নতুন নয়। তবে বেতন সংক্রান্ত এমন স্পর্শকাতর বিষয়ে অভিযোগ তোলায় বিষয়টি বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এই আইনি লড়াইয়ের ফলাফল কী হয়, তা এখন পিসিবি এবং ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের নজরদারিতে রয়েছে।
এমএমএম/
