প্রতিবছর ক্রিকেটারদের আয়ের বড় একটি অংশ আসে ঢাকা লিগ থেকে। তবে এবারের লিগ যথা সময়ে হচ্ছে না, আদৌ হবে কি না সেটা নিয়েও আছে সংশয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যাপারে হতাশা প্রকাশ করছেন ক্রিকেটাররা।
বিজ্ঞাপন
এবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন বরাবর চিঠি দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব)। মাঠে খেলা চালুর অনুরোধ জানিয়েছে কোয়াব।
বিসিবি সভাপতি এবং সিসিডিএম চেয়ারম্যান বরাবর চিঠিতে কোয়াব লিখেছে,‘ঘরোয়া ক্রিকেট মৌসুমের শেষ ভাগে চলে এসেছি আমরা। ঢাকার লিগ ক্রিকেটে এখনও অনেকটা অচলাবস্থা বিরাজমান। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরুর কোনো তোড়জোড় আমরা এখনও দেখতে পাচ্ছি না। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে উল্লেখযোগ্যসংখ্যক ক্লাব অংশ নেয়নি। বঞ্চিত ক্রিকেটারদের নিয়ে কোনো আয়োজন বা তাদেরকে নিয়ে বোর্ডের কোনো ভাবনা আমরা এখনও জানতে পারিনি। ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করা নিয়েও কোনো আলোচনা বা পরিকল্পনা আমাদের চোখে দৃশ্যমান নয়। সব মিলিয়ে, ঘরোয়া ক্রিকেটের বর্তমান চিত্র ক্রিকেটারদের জন্য চরম হতাশাজনক।’
কোয়াব চিঠিতে আরও লিখেছে, ‘লিগ নিয়ে অনিশ্চয়তায় ক্রিকেটাররা ভীষণ দুর্ভাবনায় আছে, অনেক ক্রিকেটার অসহায় ও কাতর হয়ে লিগ শুরুর অপেক্ষায় আছে, জীবিকার অবলম্বন থমকে থাকায় অনেকে পরিবার সামলাতে অনেকে হিমশিম খাচ্ছে, আর্থিক সঙ্কটে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত। আমাদের প্রত্যাশা, ঢাকার ক্রিকেটের অভিভাবক হিসেবে আপনি সব সমস্যার সমাধান করে যত দ্রুত সম্ভব লিগগুলো চালুর ব্যবস্থা নেবেন এবং ক্রিকেটারদের মুখে হাসি ফোটাবেন।’
বিজ্ঞাপন
এসএইচ/এফআই
