পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী দিনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে হাজির হয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ। যাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ। ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে তাকে। তবে আরও বড় শাস্তি থেকে পার পেয়ে গেছেন পাকিস্তানি পেসার।
বিজ্ঞাপন
জানা গেছে, বিতর্কিত সোশাল মিডিয়া পোস্টের কারণে দুই বছরের নিষেধাজ্ঞার সুপারিশ করেছিল কমিটি। তবে এই তরুণ বোলারের ক্যারিয়ার বাঁচাতে এই বিষয়টিতে হস্তক্ষেপ করেন মহসিন নাকভি। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী এই ভেতরের খবর এআরওয়াই নিউজকে জানিয়েছেন, ‘নাসিম শাহ ভাগ্যবান। ভেতরের খবর শুনুন, সে দুই বছর নিষিদ্ধ হতে বসেছিল। কমিটি এই শাস্তির সুপারিশ করেছিল। চেয়ারম্যান মহসিন নাকভিকে কৃতিত্ব দিতে হবে। তিনি কমিটিকে নাসিমকে নিষিদ্ধ না করে আর্থিক জরিমানার নির্দেশ দেন।’
নাসিমের ভবিষ্যতের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব যেন না পড়ে সেই ব্যাপারে উদ্বিগ্ন ছিলেন বোর্ড প্রধান। বাসিত বললেন, ‘নাকভি বলেছিলেন যে কারো ক্যারিয়ার নিয়ে খেলা উচিত নয়। নাসিম জরিমানা দিতে পারবে, কারণ সে পিএসএল ও অন্য বৈশ্বিক লিগগুলোতে খেলে। চেয়ারম্যান ভালো সিদ্ধান্ত নিয়েছেন।’
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেন ম্যাচ দিয়ে শুরু হয়েছে পিএসএলের এবারের আসর। এই ম্যাচের আগে মাঠে এসে দু’দলের খেলোয়াড়দের সঙ্গে ভাব বিনিময় ও জাতীয় সংগীতের সময় মাঠে উপস্থিত ছিলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ভাতিজি মরিয়ম। তার মাঠে অবস্থানের ভিডিও পরে নিজেদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দিয়েছে পিসিবি।
পিসিবি মিডিয়ার ভিডিওটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করে একটি ক্যাপশন যুক্ত করেছিলেন নাসিম। ওই একটি বাক্য থেকে বিতর্কের শুরু। নাসিম লিখেছেন– ‘কেন তাকে লর্ডসের রানীর মতো মর্যাদা দেওয়া হচ্ছে?’ পাকিস্তানি তারকা সেই পোস্ট অবশ্য বেশিক্ষণ ছিল না, পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি সেটি সরিয়ে নেন। কিন্তু সেই পোস্টের স্ক্রিনশট অল্প সময়ের মাঝে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। পরবর্তীতে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং সফলভাবে উদ্ধার করা হয়েছে বলে আরেক পোস্টে জানান নাসিম।
এফএইচএম/
