দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান। সম্প্রতি এই ক্লাবে পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছে। নতুন পরিচালনা পর্ষদে নতুন উদ্দ্যমে কাজ করার চেষ্টা করছে। আজ ক্লাব প্রাঙ্গনে মোহামেডান ক্লাবে মন্ত্রীপরিষদের একাধিক সদস্য ও দেশের ক্রীড়াঙ্গনে বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছিলেন।
বিজ্ঞাপন
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিচয় বিএনপির মহাসচিব। তিনি এক সময় ক্রীড়া সংগঠক ছিলেন। ঠাকুরগাও জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমিটিতে ছিলেন। মোহামেডান ক্লাবের স্থায়ী সদস্যও হয়েছেন। স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী হওয়ার পর আজ মোহামডোন ক্লাবে সৌজন্য সফরে এসেছিলেন। একই সময়ে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক। যিনি মোহামেডানের ফুটবল দলের অধিনায়কও ছিলেন।
এ ছাড়া ক্লাবের অন্যতম স্থায়ী সদস্য পাট ও বস্ত্র মন্ত্রী শরিফুল আলম, সড়ক যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রশিদ উজ-জামান মিল্লাত, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, সংসদ সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন আহমেদ, এবিএম মোশাররফ হোসেন এমপি, হুইপ রফিকুল ইসলাম বকুল, খায়রুল কবির খোকন এমপি, মোহামেডান ক্লাবের গভর্নিং বডির সাবেক সদস্য সচিব মনিরুল হক চৌধুরিসহ ক্লাবের অনেক কর্মকর্তা এবং সাবেক তারকা ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
মোহামেডান ক্লাব প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিচারণ করে বলেন, ‘খেলাধূলা অঙ্গনে আসলে মনে হয় আমি নিজের ঘরে এসেছি। আমি মফস্বলের লোক ছিলাম, খেলাধূলা করেছি। আমরা অন্ধকার সময় থেকে বেরিয়ে এসেছি। আমরা নতুন স্বপ্ন দেখি, নতুন আলো দেখি। নতুন সূর্যের মধ্য দিয়ে ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজিয়ে নেই।’
বিজ্ঞাপন
ক্রীড়াঙ্গনে গতকাল নতুন এক পদক্ষেপ হয়েছে। প্রথমবারের মতো ক্রীড়াবিদরা ক্রীড়া ভাতা পেয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘দেশে নামার পর আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছিলেন তার পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনায় ক্রীড়ায় রয়েছে। ক্রীড়াবিদদের ভাতা ও কার্ড দেয়া হয়েছে। এতে শুধু বর্তমান নয়, ভবিষ্যতের খেলোয়াড়দের জন্যও অনুপ্রেরণা।’
মোহামেডান নিয়ে বলেন, ‘মোহামেডান শুধু একটি ক্লাব নয়, এটি বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের একটি বড় অংশ। দেশের ফুটবল, ক্রিকেট ও হকির বহু গৌরবোজ্জ্বল মুহূর্তের সঙ্গে এই ক্লাব জড়িয়ে আছে।’ মোহামেডানের সোনালী অতীত এখন আর নেই। আর্থিক সংকট ও নানা সমস্যায় ২৩ বছর পর ফুটবল শিরোপা জিতেনি। গত বছর লিগ চ্যাম্পিয়ন হলেও এবার শিরোপা দৌড়ে সেভাবে নেই। মোহামেডানের সোনালী অতীত ফিরিয়ে আনা প্রয়োজন মনে করেন ফখরুল।
দেশের অন্য সকল ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও এক যুগের বেশি সময় রাজনৈতিকীরণ হয়েছে। দলীয় প্রভাবে বিভিন্ন ফেডারেশন-ক্লাবে অনেকে অনেক পদে ছিলেন। ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাবের বাইরে রাখার প্রত্যয়, ‘দেশের ক্রীড়াঙ্গনে এখন সবচেয়ে বেশি প্রয়োজন অরাজনৈতিক ঐক্য, স্বচ্ছতা এবং মেধার মূল্যায়ন।’ মির্জা ফখরুল তার বক্তব্যে মোহামেডানের পুরোনো দিনের কথাও স্মরণ করে বলেন, একসময় দেশের ফুটবল মানেই ছিল মোহামেডান-আবাহনী লড়াই, আর সেই লড়াই দেখতে স্টেডিয়ামে ঢল নামত। নতুন কমিটির কাছে তার প্রত্যাশা, তারা শুধু ক্লাব পরিচালনাই করবে না, বরং হারিয়ে যাওয়া সেই আবেগ ও দর্শক ফিরিয়ে আনার কাজও করবে।’
বিজ্ঞাপন
আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই ছিল স্টেডিয়ামে দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা। তিনি আবার দুই জনপ্রিয় ক্লাবের সমর্থকদের রোমাঞ্চ দেখতে চান, ‘আমি ক্রিকেট দেখতে যাই। মোহামেডান-আবাহনী ফুটবল দেখতে চাই। আমি সেই দৃশ্য দেখতে চাই যে, জাতীয় স্টেডিয়ামের মধ্যে মোহামেডান-আবাহনী খেলছে। আমরা বাইরে মারামারি করছি।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মোহামডোনের পাশাপাশি আবাহনী সহ অন্য ক্লাবগুলোকেও গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনে মোহামডোনের অবদান অনেক। আমরা আবাহনী সহ অন্য ক্লাবগুলোকেও এগিয়ে নিতে চাই।’
খেলার মাঠে আবাহনী-মোহামডোন অনেক বৈরীতা। তবে আজ মোহামেডান ক্লাবে অনুষ্ঠানের মঞ্চে ছিলেন আবাহনীর অন্যতম পরিচালক অঞ্জন চৌধুরি পিন্টু। তিনি এক বক্তব্যে বলেন, ‘আজ আমাদের ঈদের আনন্দ মনে হচ্ছে। সুন্দর এক মিলনমেলা।'
এজেড/এইচজেএস
