চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেছেন নাসিম শাহ। মূলত চোটের কারণে এই আসরে আর মাঠে নামা হচ্ছে না তার। এ খবর নিশ্চিত করেছে তার দল রাওয়াল পিন্ডিজ।
বিজ্ঞাপন
করাচি কিংসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন নাসিম। এ কারণেই অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই তারকা পেসার। যা দলটির জন্য বড় ধাক্কা।
নাসিমের পুনর্বাসন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মেডিকেল স্টাফরা। তবে আশা করা হচ্ছে, তিনি আবারও মাঠে ফিরতে পারবেন। পুনর্বাসন ও ফিটনেস ক্লিয়ারেন্সের পর টুর্নামেন্টের শেষ দিকে নাসিমকে পেতে পারে পিন্ডিজ।
নাসিমের অবশ্য চলতি পিএসএলে শুরুটা ভালো হয়নি। করাচি কিংসের বিপক্ষে একটি উইকেট নেন তিনি, আর পিন্ডিজের হয়ে নিজের প্রথম ম্যাচে ৫১ রান খরচ করেও কোনো উইকেট পাননি।
বিজ্ঞাপন
এবার চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হলেও এই আসরের শুরুতেই বিতর্কের জন্ম দেন নাসিম। পিএসএলের উদ্বোধনী দিনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে হাজির হয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ। যাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েন পাকিস্তানের এই তারকা পেসার। শেষ পর্যন্ত ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করা হয় তাকে।
এইচজেএস
