বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে গেল মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নির্ধারিত সময়ের আগে প্রকাশিত হয় রিপোর্টও। আর এই রিপোর্টের জেরে গতকাল ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ।
বিজ্ঞাপন
আর এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দায়িত্ব পাওয়ার পর গতকাল এসেছিলেন বিসিবিতে। আজ বুধবার দুপুরে আবারো বিসিবিতে আসবেন তামিম। তার সঙ্গে এদিন দেখা করবেন ক্রিকেটারদের সংগঠনের (কোয়াবের) সদস্যরা।
কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনসহ উপস্থিত থাকার কথা রয়েছে সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মুমিনুল হক, নাজুমল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, শামসুর রহমান শুভদের। নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হবে জানা গেছে।
মূলত ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন এবং প্রথম শ্রেণীর ক্রিকেট দ্রুত মাঠে আয়োজনের জন্য নতুন সভাপতিকে জানাবেন কোয়াবের সদস্যরা। এদিকে সন্ধ্যায় বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
এসএইচ/এফআই
