বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্বে বেশ অনেক বছর ছিলেন খালেদ মাহমুদ সুজন। এছাড়া ক্রিকেটারদের সঙ্গে কোচিংয়েও যুক্ত রয়েছেন তিনি। তবে ২০২৪ সালের পর থেকে আর বিসিবিতে যুক্ত নন সুজন। বর্তমান এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল যদি আবারো ডাকেন, তাহলে কাজ করতে চান তিনি।
বিজ্ঞাপন
২১ মাস পর তামিমের ডাকে সুজন বিসিবিতে গিয়েছিলেন গতকাল (বৃহস্পতিবার)। আজ (শুক্রবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘যেহেতু আমি ক্রিকেটের মানুষ, ১৩-১৪ বছর বয়স থেকে ক্রিকেট খেলছি, ক্রিকেট মাঠ ছাড়িনি। ক্রিকেট খেলা ছাড়ার পর কোচিংয়ে এসেছি, সংগঠক হিসেবে আমি এত বছর ধরে কাজ করছি। আমার অভিজ্ঞতা যদি তামিম চায়, অবশ্যই এটা না করার কিছু নেই।'
কোনো রাগ-অভিমান ছিল কি না প্রশ্নে তার কথা, ‘আমার আসলে রাগ-অভিমান ছিল না। দেশের প্রেক্ষাপটই এরকম, বলে আসলে লাভ নেই। আমাদেরকে এটা মেনে নিতে হবে। আমরা কী কাজ করতে পেরেছি বিসিবিতে, ভালো কিছু করতে পেরেছি কিনা সেটা গুরুত্বপূর্ণ।’
বিজ্ঞাপন
সুজন আরও বলেন, ‘আমি মনে করি আমার মেয়াদে আমি ক্রিকেটের জন্য শতভাগ এফোর্ট দিয়ে চেষ্টা করেছি ভালো কাজ করার। পেরেছি নাকি পারিনি সেটা বিচার করার দায়িত্ব মানুষের। আমি আমার ঢোল পেটালে তো হবে না।’
তামিমের পরিকল্পনা নিয়েও মত দিলেন তিনি, ‘আমি মনে করি তামিমকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। তামিম মনে হয় সিদ্ধান্ত নিতে পারবে এবং সবার সাথে মিলে কাজ করতে পারবে। তামিমের ইচ্ছেও সেটা, যে ও একা কিছু করতে চায় না। সবাইকে নিয়ে কীভাবে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে ওর সেই চিন্তা আছে।’
এসএইচ/এফএইচএম
