রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে ম্যাচের সময়ের একটি ছোট ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রাজস্থানের ডাগআউটে এক সাপোর্ট স্টাফকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গেছে। অথচ ম্যাচ চলাকালে মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের সময় দলের এক সাপোর্ট স্টাফকে ডাগআউটে মোবাইল ব্যবহার করতে দেখা গিয়েছে। ওই সময় তার পাশে থাকা সূর্যবংশীর চোখও ছিল মোবাইলে। এই ঘটনায় রাজস্থানের বিরুদ্ধে আইপিএলের নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে।
আইপিএলের নিয়ম অনুযায়ী, খেলা চলাকালে ক্রিকেটার, সাপোর্ট স্টাফেরা ডাগআউট বা সাজঘরে মোবাইল ব্যবহার করতে পারেন না। শুধু মাত্র দলের ম্যানেজার নিজের কাছে মোবাইল রাখতে পারেন। তিনিও নির্দিষ্ট কারণ ছাড়া সেটি ব্যবহার করতে পারেন না।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে আইপিএলের নজরদারি ব্যবস্থা বা নিয়ম কি শিথিল করা হয়েছে? নয়তো কীভাবে রাজস্থানের ওই সাপোর্ট স্টাফ ম্যাচ চলাকালে বিনা বাধায় ডাগআউটে মোবাইল ব্যবহার করলেন।
বিজ্ঞাপন
এ ব্যাপারে রাজস্থান দল বা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। নিয়মভঙ্গ হয়ে থাকলে শাস্তি পেতে পারে রাজস্থান। এখন দেখার অপেক্ষা আইপিএলে টানা চারটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলটির বিরুদ্ধে কী শাস্তিমূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
এফএইচএম/
