বিজ্ঞাপন

নারী ক্রিকেট

বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা, রেকর্ড প্রাইজমানি ঘোষণা

অ+
অ-
বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা, রেকর্ড প্রাইজমানি ঘোষণা

মেয়েদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর দুই মাস বাকি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে হতে যাওয়া এই মেগা ইভেন্টের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। যা নারী ক্রিকেটের যেকোনো ফরম্যাটের বিশ্বকাপে সর্বোচ্চ বরাদ্দ। মেয়েদের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল ২০২৪ সালে, সেই আসরের চেয়ে এবার প্রাইজমানি ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৭৬৪৬১৫ ডলারে (প্রায় ১০৮ কোটি টাকা)।

বিজ্ঞাপন

২০২৪ সালে অবশ্য ১০ দলের অংশগ্রহণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রাইজমানি ছিল ৭৯৫৮০৭৭ ডলার। এবার প্রতিযোগী সংখ্যা বেড়ে প্রথমবার ১২ দল এবং সে অনুসারে পুরস্কারের বরাদ্দও বেড়েছে। বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার বা ২৮ কোটি ৮০ লাখ টাকারও বেশি। আর রানার্সআপ দলের জন্য বরাদ্দ ১১ লাখ ৭০ হাজার ডলার বা ১৪ কোটি ৪০ লাখ টাকার বেশি।

এ ছাড়া সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া দুটি দল ৬ লাখ ৭৫ হাজার ডলার করে এবং গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৩১১৫৪ ডলার বরাদ্দ রয়েছে। কেবল তাই নয়, কোনো ম্যাচ না জিতলেও প্রতিযোগী দেশগুলোর পকেট ভারী করার সুযোগ রয়েছে। বিশ্বকাপ খেলতে যাওয়া প্রতিটি দল পাবে ন্যূনতম ২৪৭৫০০ ডলার (প্রায় ৩ কোটি ৫ লাখ টাকা) করে। ফলে বিশ্বকাপে অংশ নিয়েই বাংলাদেশ পকেটে পুরবে ৩ কোটি ৫ লাখ টাকা।

বিজ্ঞাপন

আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সঞ্জোগ গুপ্ত নারী ক্রিকেটের অব্যাহত উত্থানে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং খেলাটিকে বিশ্বব্যাপী আরও ছড়িয়ে দেওয়ার ব্যাপারে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার অঙ্গীকারের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘নারী ক্রিকেটের অগ্রগতি দ্রুততার সঙ্গে ঘটছে এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরের ১২ প্রতিযোগী ও সম্মিলিত প্রাইজমানিও রেকর্ড অবস্থানে। যা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জোরালো ইঙ্গিত এবং খেলাটি বৈশ্বিকভাবে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে।’

অস্ট্রেলিয়া-ভারতের গ্রুপে বাংলাদেশ, যেভাবে দেখছে বিসিবি

আগামী ১২ জুন থেকে ৫ জুলাই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর অনুষ্ঠিত হবে। যেখানে নিগার সুলতানা জ্যোতি নেতৃত্বাধীন বাংলাদেশ খেলবে গ্রুপ-১ এ। ওই গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। অন্যদিকে, গ্রুপ-২ এ লড়বে স্বাগতিক ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। ১৪ জুন বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে জ্যোতির বিশ্বকাপ মিশন শুরু হবে।

বিজ্ঞাপন

এএইচএস