নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে রয়েছেন নাহিদ রানা। তবে চলমান পাকিস্তান সুপার লিগে তার বোলিং নিয়ে চলছে আলোচনা। কিউই সিরিজের জন্য দেশে ফিরেছেন তিনি। এবার সেই নাহিদকে নিয়ে প্রশংসার ফুলঝুরি ছোটালেন নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার।
বিজ্ঞাপন
আজ (বুধবার) মিরপুরে সংবাদ সম্মেলনে এসে ওয়াল্টার বাংলাদেশি পেসার নাহিদকে নিয়ে বলছিলেন, ‘দারুণ ফাস্ট বোলার। এই কন্ডিশন তাকে সাহায্য করবে। বাংলাদেশের হয়ে এমন ফাস্ট বোলারকে দেখতে পাওয়া বেশ ভালো ব্যাপার।’
পরে ওয়াল্টার আরও বলেন, ‘আমরা তার কোয়ালিটিকে একদমই খাটো করে দেখছি না। আগেই বললাম, তাদের দলে বেশ ভালো কিছু কোয়ালিটি ফাস্ট বোলার আছে। ফাস্ট বোলারদের মোকাবিলা করা আমাদের জন্য নতুন কিছু নয়। এটা আমরা নিয়মিতই করি। আমাদের দলেও পেসার আছে। কেবল ম্যাচের মধ্যে কাজটা করতে হবে। সে ঘণ্টায় ১৪০ কিমি গতিতে বল করে, কিছুটা ভিন্ন কন্ডিশন হয়তো, তবে এখানে নিজের স্কিল কাজে লাগিয়ে তাকে সামলাতে হবে।’
বিজ্ঞাপন
পরে সংবাদ সম্মেলনে নাহিদকে নিয়ে ফিল সিমন্স বলেন, ‘নাহিদ রানা আমাদের একজন ট্রাম্প কার্ড। আমাদের ওর সুরক্ষা দিতে হবে। সবসময় যেন তাকে পাওয়া যায় এটাও মাথায় রাখতে হবে। আমাদের ওর যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে। যাতে সে নিজেকে উজাড় করে দিতে পারে বাংলাদেশের জন্য।’
নিউজিল্যান্ড সিরিজ নিয়ে সিমন্স বললেন, ‘আমরা সব ধরনের চ্যালেঞ্জের জন্যই প্রস্তুত এবং তারা যেসব জায়গায় আমাদের পরীক্ষা নিতে পারে, সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। পাকিস্তানের আসার আগে আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ ও লড়াইয়ের অপেক্ষায় আছি।’
এসএইচ/এফএইচএম
