কয়েক বছর পর জাতীয় দলে ফিরলেন মোসাদ্দেক হোসেন। তার এই ফেরাকে স্মরণীয় করে রাখল ঢাকা লিগের দল আবাহনী। আজ বৃহস্পতিবার মিরপুর শেরে-ই বাংলার একাডেমি মাঠে অনুশীলন করছিল আবাহনী ক্লাব। এরপর দেখা গেল অনুশীলনের এক পর্যায়ে পুরো দলকে একত্রে কেক কাটতে।
সাইডস্ক্রিনের সামনে যেখানে একটি টেবিলে ‘কনগ্র্যাচুলেশন টু মোসাদ্দেক’, আর অন্যটিতে ‘বেস্ট উইশেস ফ্রম আবাহনী’ লেখা দুটি কেক রাখা। সাধারণত ক্রিকেটার বা অন্যদের জন্য এমনভাবে জন্মদিন পালন করতে দেখা গেছে অতীতে। এবার দেখা গেলো ভিন্ন দৃশ্য!
অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ৪ বছর পর জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত, এটা পুরোনো খবর। আবাহনীর সতীর্থরা যেন সেটাই উদযাপন করেছেন কেক কেটে। ১০৩৮ দিন পর জাতীয় দলের দরজা খুলেছে মোসাদ্দেকের জন্য। সুযোগ পাওয়ার অনুভূতি ও আসন্ন ওয়ানডে বিশ্বকাপ নিয়ে মোসাদ্দেক বলেছেন কথাও।
তিনি বলেন, ‘ভালো করার পরেই এই সুযোগটা এসেছে। আমি অবশ্যই চাইব যতদিন আমার ক্যারিয়ার থাকবে, ততদিন পর্যন্ত যেন আমি জাতীয় দলের জন্যই খেলতে পারি। আর (বিশ্বকাপ) সেটা যদি আমার অর্জন করতে হয়, তার আগের যে সিরিজগুলো আছে সেখানে আমার সুযোগ এলে আমাকে ভালো খেলতে হবে, এটা প্রথম। যখন আমি ভালো খেলতে পারব, ওই সময় আমি আশা করতে পারি, ২০২৭ বিশ্বকাপে আমার জন্য একটা সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে।’
এসএইচ/এমএমএম
