ত্রিদেশীয় সিরিজের মঞ্চে ব্যাট হাতে ঝড় তুললেন দিলারা আক্তার। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে অভিষেক ফিফটির দেখা পেয়েছেন এই ওপেনার। পাশাপাশি মাত্র ২২ বলে ফিফটি করে নতুন রেকর্ড গড়েছেন ডানহাতি দিলারা। তার দুর্দান্ত ইনিংসেই জয়ের হাসি হেসেছে বাংলাদেশ।
নেদারল্যান্ডসের বিপক্ষে বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ নামে আট ওভারে। ফলে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের পথ বেছে নেয় বাংলাদেশ। ইনিংসের প্রথম পাঁচ ওভারেই স্কোরবোর্ডে ৭৪ রান যোগ করে টাইগ্রেসরা। সেই রানবন্যার মূল কারিগর ছিলেন দিলারা।
নেদারল্যান্ডসের বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ২৬ বলে ৫১ রান করেন তিনি। এই ইনিংস খেলার পথে ২২ বলেই তুলে নেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ফিফটি। একই সঙ্গে ভেঙে দেন বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের দ্রুততম অর্ধশতকের রেকর্ড।
এর আগে ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে লাহোরে ২৮ বলে ফিফটি করেছিলেন রোমানা আক্তার। দীর্ঘ ২৪১৩ দিন ধরে সেটিই ছিল বাংলাদেশের দ্রুততম নারী টি-টোয়েন্টি ফিফটির রেকর্ড। অবশেষে সেই কীর্তি নিজের নামে লিখিয়ে নিলেন দিলারা আক্তার।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। শুরুতে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে চাপে পড়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল। তবে শেষ দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগ্রেসরা।
দিলারার বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত আট ওভারে ৯৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ৮৫ রানে থেমে গেলে ১৩ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। বিশ্বকাপের আগে এই জয় যেমন আত্মবিশ্বাস বাড়াবে, তেমনি দিলারার রেকর্ডগড়া ইনিংস বাংলাদেশের ব্যাটিং ইউনিটে স্বস্তি দেবে।
আইএইচ
