বিজ্ঞাপন

ম্যাচ বয়কট করা ব্রাদার্স ক্রিকেটারদের সমর্থন দিল কোয়াব

ম্যাচ বয়কট করা ব্রাদার্স ক্রিকেটারদের সমর্থন দিল কোয়াব

পারিশ্রমিক না পাওয়ার প্রতিবাদে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ বয়কট করা ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। একই সঙ্গে ক্লাবটির কর্মকর্তা আমিন খানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানায়, অগ্রণী ব্যাংকের বিপক্ষে ম্যাচে না খেলার সিদ্ধান্ত নেওয়া ব্রাদার্সের ক্রিকেটারদের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। সংগঠনটির দাবি, খেলোয়াড়দের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ এবং তাদের অপমানজনক আচরণের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ঢাকা প্রিমিয়ার লিগের নবম রাউন্ডে বিকেএসপির ৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংকের মুখোমুখি হওয়ার কথা ছিল ব্রাদার্স ইউনিয়নের। তবে পারিশ্রমিক সংক্রান্ত জটিলতার কারণে সোহাগ গাজী, জুবায়ের হোসেন লিখনসহ দলের ক্রিকেটাররা মাঠে নামতে অস্বীকৃতি জানান। পরে ম্যাচ অফিসিয়ালরা নিয়ম অনুযায়ী অগ্রণী ব্যাংককে ওয়াকওভার জয় দেন।

এই ঘটনার ফলে অবনমনের ঝুঁকিতে পড়েছে ব্রাদার্স ইউনিয়ন। একমাত্র একটি জয় নিয়ে লিগ টেবিলের তলানিতেই অবস্থান করছে দলটি।

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, খেলোয়াড়দের হতাশা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তারা পেশাগত দায়িত্ব পালন করতে পারেননি। সংগঠনটি মনে করে, দেশের ক্রিকেটারদের জীবিকার অন্যতম প্রধান উৎস ঢাকা প্রিমিয়ার লিগে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের আগে মোট পারিশ্রমিকের অন্তত ৩০ শতাংশ পরিশোধের জন্য ক্লাব কর্মকর্তাদের কাছে অনুরোধ করেছিলেন ক্রিকেটাররা। উভয় পক্ষের সম্মতিও ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। উল্টো তুচ্ছ কারণে ক্রিকেটারদের অপমান করা হয়েছে বলেও অভিযোগ করেছে কোয়াব।

এ ঘটনায় বিসিবির হস্তক্ষেপ কামনা করে কোয়াব জানিয়েছে, ভবিষ্যতে খেলোয়াড়দের অধিকার সুরক্ষায় একটি কার্যকর আইনি কাঠামো তৈরির লক্ষ্যে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করতে চায়।

একই সঙ্গে সংগঠনটি দাবি করেছে, পেশাগত দায়িত্বে চরম অবহেলার অভিযোগে ব্রাদার্স ইউনিয়নের কর্মকর্তা আমিন খানকে বিসিবির সব ধরনের কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক।

কোয়াবের মতে, ব্রাদার্স ইউনিয়নের মতো ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া উচিত বিসিবির। লিগের বাইলজ অনুযায়ী দলটি অবনমনের মুখে পড়লেও, যথাযথ শাস্তির মাধ্যমে ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন।

আইএইচ