বিজ্ঞাপন

এনএসসি কোটায় বিসিবি পরিচালক হলেন রুহুল-সরফরাজ

এনএসসি কোটায় বিসিবি পরিচালক হলেন রুহুল-সরফরাজ

বিসিবির পরিচালনা পর্ষদ ২৫ জনের। ২৩ জন নির্বাচনী প্রক্রিয়ায় থাকলেও দু'জন পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত। বিসিবির সকল কাউন্সিলরদের মধ্য থেকে জাতীয় ক্রীড়া পরিষদ দুই জনকে পরিচালক মনোনীত করতে পারেন। এবার বিসিবি নির্বাচনে রুহুল আমিন ও সরফরাজ আহমেদ মনোনীত পরিচালক হয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবি নির্বাচনে পাঁচজনকে কাউন্সিলর করতে পারে। সাবেক জাতীয় ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরির সঙ্গে পাঁচ জন কাউন্সিলরের তালিকায় ছিলেন সফররাজ আহমেদ এবং রুহুল আমিনও। দুই জন ক্রীড়াঙ্গনে তেমন পরিচিত মুখ নয়। অপরিচিত দুই মুখকেই জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে। আজ বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এই দুই পরিচালকের মনোনয়ন দিয়ে চিঠি দেন।

বিসিবির বিগত নির্বাচনে এনএসসি'র দুই পরিচালক মনোনয়নে প্রশ্ন উঠেছিল। সাধারণত নির্বাচনের জন্য গঠিত কাউন্সিলর তালিকার মধ্যে থেকে জাতীয় ক্রীড়া পরিষদকে পরিচালক মনোনয়ন দিতে হয়। গত নির্বাচনে ভোট দেয়ার পর দুই কাউন্সিলর পদত্যাগ করেন। সেই পদত্যাগ করা কাউন্সিলরের জায়গায় অন্য দুই জন নতুন কাউন্সিলর করা হয়। সেই কাউন্সিলরদের মধ্য থেকে পরিচালক মনোনয়ন হয়। যা নিয়ে ব্যাপক সমালোচনা ও প্রশ্নের জন্ম হয়েছিল। পরবর্তীতে এক পরিচালককে অপসারণও করা হয় দ্রুততার সাথে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ মুক্ত রাখার ব্রত প্রচার করে। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে জাতীয় ক্রীড়া পরিষদ সরকারি প্রতিষ্ঠান থেকে দুই জনকে সরাসরি মনোনয়নের বৈধতা রেখেছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক কোটার মাধ্যমেই সভাপতি পদে একাধিকবার রদবদল হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ কতবার পরিচালক রদবদল করতে পারবে এক মেয়াদে সেটা বিসিবি কিংবা জাতীয় ক্রীড়া পরিষদ কোনো বিধিমালাতেই নেই। 

এজেড/এইচজেএস