বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া দল। শুরুতে ট্রাভিস হেড মিচেল মার্শরা দলে ছিলেন। তবে শেষ পর্যন্ত কেউই ওয়ানডে দলে নেই। ফলে নতুন করে অধিনায়ক হয়েছেন জস ইংলিস। আজ সোমবার সংবাদ সম্মেলনে ইংলিস জানালেন মার্শ-হেডদের না থাকা নিয়ে।
অধিনায়ক ইংলিস বলেন, ‘যেকোনো সময়েই মিচেল মার্শ এবং ট্রাভিস হেডের দলে না থাকার ব্যাপারটি আপনি মিস করবেন। দুর্ভাগ্যজনক ব্যাপার তারা এবারের দলে নেই। পাকিস্তান সিরিজের মত যেমনটা হয়েছে, কিছু তরুণ ক্রিকেটারেরও এখানে খেলার অভিজ্ঞতা অর্জনের দরকার আছে। সামনে বিশ্বকাপও আছে। ফলে সেই অনুযায়ী কম্বিনেশন সাজিয়ে বিভিন্ন ক্রিকেটারদের বাজিয়ে দেখারও দরকার আছে।’
বাংলাদেশি পেসাররা এগিয়ে থাকবে কি না অস্ট্রেলিয়ার পেসারদের চেয়ে ইংলিস বললেন, ‘এই সিরিজের পর বোঝা যাবে (হাসি)। অবশ্যই আমাদের দলে বড় অনেক নাম নেই। তবে যারা দলে আছে তারাও অনেক দিন ধরে খেলছে।’
‘নাথান এলিস অনেক দিন ধরে ভালো করে আসছে, বেন ডোয়ারসুইশও। তাদের এই পর্যায়ের ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। তারা অনেকে এক্সাইটিং এবং তারা এই সিরিজে কী করতে পারে তা দেখতে আমি মুখিয়ে আছি।’
পাকিস্তান সিরিজ থেকে শিক্ষার কথা জানিয়ে ইংলিস বলেন, ‘আমরা শিখেছি কীভাবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হয়। আমার মনে হয় এখানে বাংলাদেশে ভিন্ন কন্ডিশন থাকবে। তবে গেম প্ল্যান নিয়ে আমাদেরকে পরিষ্কার থাকতে হবে এবং সেখানে অটল থাকতে হবে লম্বা সময় ধরে। ছেলেরা আগে কিছু সাফল্য পেয়েছে তবে এবার লম্বা সময় ধরে ভালো করে বড় সংগ্রহ দাঁড় করাতে হবে।’
সিনিয়রদের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা নিয়ে এই অধিনায়ক বলেন, ‘আসলে অতকিছু ভাবিনি এখনও। (মার্শ-হেডরা) দলে নেই, তাই আমাকে দায়িত্ব নিতে হচ্ছে। আমি অনেক গর্বিত নিজ দেশকে নেতৃত্ব দিতে পেরে। গত কয়েক সিরিজে এমনটা করতে হয়েছে, ব্যাপারটা আমার জন্য স্পেশাল। কিছুটা অনভিজ্ঞ স্কোয়াড নিয়ে এখানে এসেছি, ব্যাপারটা বেশ ভালো। এখানে ব্যাপারটা মজার। সবার জন্য ভিন্ন কন্ডিশনে খেলাটা মজার ব্যাপার। আমি চাই এমন অভিজ্ঞতা অর্জন করে কেবল আরও ভালো হতে।’
এসএইচ/এমএমএম
