বৈভব সূর্যবংশীর ঝোড়ো ব্যাটিং দেখেই সবাই অভ্যস্ত। প্রথম বল থেকেই ছক্কা মারার চেষ্টা করেন। আইপিএলে বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে ভারত জাতীয় দলেও সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু তার মতে, লাল বলের ক্রিকেটের জন্যও পুরোপুরি তৈরি তিনি।
রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্দেরের সঙ্গে কথা বলার সময় টেস্ট ক্রিকেটের প্রসঙ্গ টেনে এনেছেন বৈভব। তিনি বলেন, 'অনেকেই প্রশ্ন করে, ভবিষ্যতে আমি টেস্ট ক্রিকেট খেলতে চাই কি না। তাদেরকে বলি, আমি এখনই লাল বলে অনেক অনুশীলন করি। ভবিষ্যতেও করব। আমার রাজ্যের হয়ে লাল বলে অনেক ম্যাচ খেলেছি। এখনও খেলি। লাল বলের ক্রিকেট খেলতে আমি প্রস্তুত।'
বৈভবের মতে, তার আগ্রাসী ব্যাটিং দেখে সবাই ভাবে, সে টি-টোয়েন্টিতে খেলতেই ভালোবাসে। কিন্তু বিষয়টি মোটেও তা নয়। যে ফরম্যাটে যে রকম খেলা উচিত, সে তেমনটাই খেলে। বৈভব বলেন, 'আমি লাল বলের ক্রিকেট খেলতে চাই। তাই অনুশীলনও করি। টি-টোয়েন্টি চার-ছক্কার খেলা বলেই এভাবে ব্যাট করি। যে ফরম্যাটে যেমন ব্যাট করা উচিত সেটাই করব। আমার স্বপ্ন, ভারতের হয়ে তিনটে ফরম্যাটেই খেলা।'
মাত্র ১২ বছর বয়সে বিহারের হয়ে রঞ্জিতে অভিষেক হয়েছিল বৈভবের। ২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন। বয়সভিত্তিক পর্যায়ে টেস্টে এটি কোনো ভারতীয় ব্যাটারের করা দ্রুততম শতরান।
ইতোমধ্যেই বৈভবের টেস্ট খেলার ক্ষমতা নিয়ে মুখ খুলেছেন চেতেশ্বর পুজারা, রবিচন্দ্রন অশ্বিন ও ডেল স্টেন। তিন জনের মতেই, বৈভব ভারতের হয়ে তিন ফরম্যাটে খেলার যোগ্য। অশ্বিন তো এক ধাপ এগিয়ে বলেছেন, ভারতের টেস্ট দলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনার হিসেবে খেলানো উচিত বৈভবকে।
এইচজেএস
