বিজ্ঞাপন

উপমহাদেশেই এমন, অস্ট্রেলিয়া-আফ্রিকায় কেমন করবেন নাহিদ?

উপমহাদেশেই এমন, অস্ট্রেলিয়া-আফ্রিকায় কেমন করবেন নাহিদ?

উপমহাদেশের উইকেটে গতির ঝলক দেখিয়ে বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রে এখন বাংলাদেশি পেসার নাহিদ রানা। ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন হয়ে ওঠা এই বোলারকে পেস ও বাউন্স সহায়ক কন্ডিশনে দেখার অপেক্ষায় রয়েছেন অনেকেই। সেই তালিকায় আছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ধারাভাষ্যকার ইয়ান বিশপও।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগুনঝরা বোলিং করে চার উইকেট শিকার করেছেন নাহিদ রানা। তার গতির সামনে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে অসহায় দেখিয়েছে। শুধু এই ম্যাচ নয়, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই নিজের গতি, বাউন্স ও আগ্রাসী বোলিংয়ে নজর কেড়েছেন এই তরুণ পেসার।

এখন পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার কন্ডিশনে খেলেছেন নাহিদ। তবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি তার। আর সেখানেই কৌতূহল বিশপের। উপমহাদেশেই এমন গতির ঝড়, তাহলে সেনা কন্ডিশনে কেমন করবেন নাহিদ রানা?

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়ান বিশপ লিখেছেন, ‘নাহিদ রানা এখনও অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডে আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি। সে যদি নিজের উন্নতির ধারা অব্যাহত রাখতে পারে, তাহলে তার বোলিং দেখা ভীষণ রোমাঞ্চকর হবে।’

বিশপের মন্তব্যের মূল কারণও স্পষ্ট। উপমহাদেশের তুলনামূলক ধীরগতির উইকেটেই ১৫০ কিলোমিটার গতিতে বল করছেন নাহিদ রানা। অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার মতো পেস সহায়ক উইকেটে তিনি কতটা কার্যকর হতে পারেন, সেটিই এখন বড় প্রশ্ন।

সেই উত্তর পাওয়ার অপেক্ষাও খুব বেশি দিনের নয়। আগামী আগস্টেই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। বছরের শেষ দিকে রয়েছে দক্ষিণ আফ্রিকা সফরও। এছাড়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়।

আইএইচ