অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। যেখানে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন মুস্তাফিজুর রহমান। সাধারণত নতুন বলে কম দেখা গেলেও দলের প্রয়োজনে এখন তিনি শুরুতেই বল করছেন। তার সঙ্গে জুটি বেঁধে বল করা সব সময়ই উপভোগের বলে জানালেন পেসার তাসকিন আহমেদ।
ম্যাচ শেষে ডানহাতি এই পেসার বলেন, ‘ফিজ তো অলওয়েজ চিল গাই। এক্সপিরিয়েন্স ম্যাটার্স। এটা ওর বোলিং দেখলেই বোঝা যায়। এতদিন ধরে খেললে…নতুন বলেও নিজের সেরাটা দিয়ে চেষ্টা করে। ও চাইলেই ভালো করতে পারে। তবে নতুন বলে বেশি ভালো করলে আবার টেস্টে ডাকতে পারে। হাহা, মজা করছি…সে চাইলেই সব ধরনের জায়গায়, কন্ডিশনে বল করতে পারে। ও এটাই বারবার প্রমাণ করে। যে-ই যখন বল করছে মাশাআল্লাহ ভালো করছে। এটাই ভালো ফাস্ট বোলিং গ্রুপের লক্ষণ। আর শুধু আমি না, সবাই ফিজের সঙ্গে বল করতে উপভোগ করে।’

এ সময় নিজের প্রথম ওভার বল করা নিয়েও তাসকিন জানান, ‘আমাদের প্রত্যেক দলেই কম্পিউটার এনালাইসিস থাকে। প্রত্যেককে নিয়ে সবাই এনালাইসিস করে আসে, কার কোথায় দুর্বলতা, কার কোথায় শক্তি। নিজে চেষ্টা করা এবং বোলার হিসেবে যখনই ভালো ছন্দে থাকি, তখন এক্সিকিউশন সহজ হয়ে যায়। উইকেটে একটু ভাগ্যও লাগে। তবে চেষ্টা তো নিজের কাছে, চেষ্টাই করি।’
তাসকিন রিভার্স সুইং আদায়ের কৌশল জানিয়ে বলেন, ‘৩৪ ওভারের পর একটা বল দিয়ে খেলা হয়। মেইনটেইন করলে কিছুটা রিভার্স সুইং পাওয়া যায়। রিভার্স হলেই তো হবে না, নিয়ন্ত্রণ করাও জরুরি। যেটা আমার গত টেস্ট সিরিজ খেলায় উপকার আসছে সত্যি বলতে। অনেক লম্বা সময় পুরোনো বলে বল করেছি। ওই গাট ফিলিং থেকেই পুরোনো বলে নিজের বিশ্বাস থাকে নিয়ন্ত্রণ রেখে রিভার্স সুইং করতে পারব। আমার সতীর্থদেরও ধন্যবাদ, ওরা মেইনটেইন করেছে।’
এসএইচ/এএইচএস
