বিজ্ঞাপন

মোসাদ্দেকের রাজসিক ফেরা ও রিশাদকে না খেলানো নিয়ে মিরাজের ব্যাখ্যা

মোসাদ্দেকের রাজসিক ফেরা ও রিশাদকে না খেলানো নিয়ে মিরাজের ব্যাখ্যা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ প্রথম দুটি জিতে আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। গতকাল বাকি ছিল সিরিজের শেষ ম্যাচ। যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ লড়াই করেছে স্বাগতিকরা। তবে সিরিজজুড়ে আলো ছড়িয়েছেন ৪ বছর পর ফেরা মোসাদ্দেক হোসেন। হয়েছেন সিরিজ সেরাও। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তাকে প্রশংসায় ভাসালেন।

মোসাদ্দেক কঠোর পরিশ্রমের সুফল পেয়েছেন বললেন মিরাজ, ‘এটা (মোসাদ্দেকের দারুণ প্রত্যাবর্তন) দলের জন্য একটা আশীর্বাদ। ওর জন্য সুযোগ ছিল। চার বছর পর যেভাবে ফিরে এসেছে, দেখে মনে হয়নি যে সে অনেক দিন পর এসে খেলেছে। গত চার বছরে ঘরোয়া এবং সব জায়গায় যে পরিশ্রম করেছে সেটার ফল পেয়েছে। দলের জন্যও ভালো সুর বেঁধে দিয়েছে। আপনারাও বলতেন যে মিডল বা লোয়ার মিডল অর্ডারে একটা ভালো ব্যাটার থাকলে ভালো হত, সেখানে সে ভালোভাবে দলের জন্য অবদান রেখেছে।’

এদিকে পুরো সিরিজে খেলা হয়নি রিশাদ হোসেনের।  মিরাজ এনিয়ে বলেন, ‘আমাদের একটা প্ল্যান আছে, আমরা দল গোছাচ্ছি। বিগত দিনে বাঁহাতি স্পিনারদের বিপক্ষে অস্ট্রেলিয়া কিছুটা সংগ্রাম করেছে। তাদের কিছু টপ অর্ডার ব্যাটার আছে বাঁহাতি, তাই এই কম্বিনেশনে চেষ্টা করেছি (তানভীরকে খেলিয়েছি)। রিশাদ অবশ্যই অনেক জরুরি খেলোয়াড়, সামনের সিরিজে সে অবশ্যই সুযোগ পাবে।’

এরপরে দলের উন্নতি প্রসঙ্গে মিরাজ বলেছেন, ‘আসলে দেখেন আমাদের দলের গত এক বছরে অনেক উন্নতি হয়েছে। এটা আসলে এক দিনে সম্ভব না। একটা দল যখন আমরা করি, আমাদের একটা প্ল্যান থাকে, কীভাবে দলকে বানাব, কী কম্বিনেশনে খেলব। এক বছরে সেভাবেই প্ল্যান করেছি, কোন পজিশনে একজন প্লেয়ারকে বেশি ম্যাচ সুযোগ দিব। বিভিন্ন পজিশনে খেলতে হয়েছে অনেক প্লেয়ারকে। সামনে যে বিশ্বকাপ, এশিয়া কাপ আছে সেটাকে লক্ষ্য করে আমরা আগাতে চাচ্ছি। আমরা আশা করি ভালো একটা দলে পরিণত হয়েছি এখন।’

দর্শকদের প্রশংসা নিয়ে মিরাজ বলেছেন, ‘ওভারল যদি বলেন, স্বস্তি যেটা অধিনায়ক হিসেবে, ভালো লাগে ব্যাপারটা। যারা খেলা দেখে, সবাই কিন্তু ভালো অনুভব করছে। সবাই কিন্তু আমাদের প্রশংসাও করছে, আমাদেরকে সম্মান করছে। এটা উন্নতির একটা দিক। এভাবে চালিয়ে গেলে ভালো একটা দল হবে।’

এসএইচ/এফএইচএম