সিরিজের শেষ ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশকে ১ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে হারলেও তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ২৭৪ রানের জবাব দিতে নামা অজিদের ইনিংসকে প্রায় একাই টেনেছেন কুপার কনোলি। শেষ দিকে বাংলাদেশকে ম্যাচে ফেরান শরিফুল ইসলাম।
১৪৯ রানে কনোলি আউট হলেও শেষ ওভারে অ্যাডাম জাম্পার চারে জয়ের বন্দরে চলে যায় অজিরা। তাতেই খুশি এই অজি ওপেনার, ‘শেষ দিকে কাজ কিছুটা কঠিন হয়েছে। তবে ভালো বোলিং ছিল। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতাতে পেরে বেশ ভালো লাগছে। যেকোনো পর্যায়ের ক্রিকেটেই অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতাতে পারা তৃপ্তির। আজ মাঠে অনেকক্ষণ ব্যাট করতে পেরেছি এবং দলকে জেতাতে পেরেছি, খুবই ভালো লাগছে।’
কনোলি বলেন, ‘আসলে আমি নিজেই শেষে নিজেকে হতাশ করেছি। এই রকম অবস্থায় যাওয়ার জন্য আমি সব পরিশ্রম করেছিলাম। ইনিংস এগিয়ে নেওয়া সবসময় ভালো ব্যাপার। শেষ দিকে যে-ই ব্যাট করুক না কেন, সবসময় বিশ্বাসটা থাকে যে তারাও জেতাতে পারবে। যদি জিতিয়ে আসতে পারতাম ভালো লাগত। নিজেকেই হতাশ করেছি, তবে জিততে পেরে ভালো লাগছে।’
তিনি আরও বলেছেন, ‘আসলে ক্রিকেট খেলাটাই এরকম। আগের দুই ম্যাচেও টপ অর্ডারে খেলেছি, কিন্তু নিজের প্ল্যান কাজে লাগাতে পারিনি। আজকে প্ল্যান কাজে লেগেছে। চেষ্টা করেছি রান বাড়ানোর। পাওয়ারপ্লেতে আপনি চাইবেন আগ্রাসী ব্যাটিং করে বোলারদের চাপে ফেলে দিতে। এখানে অনেক ভালো উইকেট ছিল। চেষ্টা করেছি বাজে বলকে মারতে এবং যতটা সম্ভব বোলারদের চাপে রাখা যায় তা করে যেতে।’
কনোলির ভাষ্য, ‘ওয়ানডে ক্রিকেট এবং লাল বলের ক্রিকেট আমি প্রায় একইভাবে খেলে থাকি। আমি আগ্রাসী হতে পছন্দ করি এবং দ্রুত রান করতে চাই। সব ধরনের ক্রিকেটেই আপনাকে রান বের করতে হবে। এখানে উইকেট ভালো ছিল। আমি চেয়েছি ভালো শট খেলে ম্যাচটা গভীরে নিয়ে যেতে এবং ভালো জুটি গড়তে।’
এসএইচ/এফএইচএম
