বিজ্ঞাপন

হৃদয় কি বাংলাদেশের ভবিষ্যৎ ওয়ানডে তারকা?

হৃদয় কি বাংলাদেশের ভবিষ্যৎ ওয়ানডে তারকা?

বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ফরম্যাট ছিল ওয়ানডে ক্রিকেট। সাদা বলের এই ফরম্যাটে টাইগারদের কত বড় খাবি খেয়েছে। কিন্তু ২০১৯ বিশ্বকাপের পর সেই আধিপত্যে ধীরে ধীরে ফাটল ধরে। জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষেও সিরিজ হারতে হয়েছে টাইগারদের। সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ তারকারাও সেই ধস থামাতে পারেননি।

চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে দলের চেহারা আরও বদলে যায়। অবসর নেন মুশফিক ও মাহমুদউল্লাহ, দলের বাইরে চলে যান সাকিব, আর তামিমও বিদায় বলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। ফলে দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যাটিং স্তম্ভগুলো হারিয়ে নতুন বাস্তবতার মুখোমুখি হয় বাংলাদেশ।

সেই সময়ে নতুন প্রজন্মের কাঁধে ভরসা খুঁজতে শুরু করে দল। আর সেই ভরসার নামগুলোর মধ্যে সবচেয়ে উজ্জ্বল দুজন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। তবে ধারাবাহিকতার বিচারে হৃদয়ই যেন এক ধাপ এগিয়ে।

‘জাকের ভালো ফর্মে আছে’, আস্থা রাখতে বললেন হৃদয়

ওপেনার তানজিদ হাসান তামিম কখনো জ্বলে উঠেছেন, কখনো আগেভাগেই ফিরেছেন। লিটন ও সৌম্যরাও মাঝে মাঝে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তবে ব্যাটিং ইউনিটের ছন্দপতনের মাঝেও মিডলঅর্ডারে নিয়মিত রান করে গেছেন হৃদয়।

ওয়ানডে ক্যারিয়ারে ইতোমধ্যে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের হয়ে ওয়ানডেতে এক হাজার বা তার বেশি রান করা ব্যাটারদের মধ্যে এখন সর্বোচ্চ ব্যাটিং গড়ও তার দখলে। ৪৮ ইনিংসে ১৬১৩ রান করা হৃদয়ের গড় ৩৯.৩৪, যা ছাড়িয়ে গেছে সাকিব আল হাসানের ৩৭.২৯ গড়কেও।

সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজেও ছিলেন দুর্দান্ত ছন্দে। তিন ম্যাচে করেন যথাক্রমে ৩১, অপরাজিত ৪০ ও ৮৩ রান। ফলে ওয়ানডেতে টানা সাত ইনিংসে ৩০ এর বেশি রান করার কীর্তি গড়েছেন তিনি। চলতি বছরে ব্যাট হাতে আছেন সেরা অবস্থানে। আট ইনিংসে ৮৭ গড়ে করেছেন ৩৪৮ রান, যা পুরো বিশ্বে চতুর্থ।

পরিসংখ্যান, ধারাবাহিকতা ও দায়িত্ব নেওয়ার মানসিকতা—সবমিলিয়ে হৃদয় নিজেকে বাংলাদেশের ওয়ানডে দলের অন্যতম স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত করার পথে। তিনি কি বাংলাদেশের পরবর্তী বড় ওয়ানডে তারকা? সেই প্রশ্নের চূড়ান্ত উত্তর হয়তো সময়ই দেবে। তবে এখন পর্যন্ত আশার আলো দেখাচ্ছেন তাওহীদ হৃদয়।

আইএইচ

বিজ্ঞাপন