চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অফস্পিনার নাথান লায়ন। তবে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান এই ক্রিকেটার। নির্বাচকদের থেকে ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষায় তিনি।
গত ডিসেম্বরে অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পান লায়ন। এরপর অস্ত্রোপচার ও দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। প্রায় ছয় মাস সব ধরণের ক্রিকেটের বাইরে থাকার পর আবারও হাতে বল তুলে নিয়েছেন এই অজি স্পিনার।
আগামী ১৩ আগস্ট ডারউইনে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। সেই সিরিজকে লক্ষ্য করেই নিজেকে প্রস্তুত করছেন ৩৮ বছর বয়সী লায়ন। শুধু বাংলাদেশ সিরিজই নয়, সামনে থাকা প্রতিটি টেস্টেই খেলতে চান তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে ৫৬৭ উইকেট নেওয়া এই স্পিনার জানিয়েছেন, নিজের ক্যারিয়ার নিয়ে জাতীয় নির্বাচক জর্জ বেইলি ও প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সতর্ক মন্তব্য তিনি দেখেছেন এবং তাদের সঙ্গে কথাও বলেছেন। তবে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেটে নিজেকে উজাড় করে দেওয়াই তার লক্ষ্য।
লায়ন বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে আমি আরও টেস্ট খেলতে চাই। আমি যদি প্রতিটি টেস্ট ম্যাচ খেলতে না চাইতাম, তাহলে চোট থেকে ফিরতে এত পরিশ্রম করতাম না।’
তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়া দলে জায়গা নিশ্চিত ধরে রাখার অধিকার কারও নেই, তা-ই আমি জানি আমাকে নিশ্চিত করতে হবে যে আমি ভালো খেলছি এবং সবকিছু ঠিকঠাক করছি। কিন্তু বুকে হাত দিয়ে বলছি, সামনের প্রতিটি টেস্ট ম্যাচই খেলতে চাই।’
আগামী ১১ মাসে অস্ট্রেলিয়ার সূচিতে রয়েছে অন্তত ২০টি টেস্ট। সেখানের প্রতিটি ম্যাচেই মাঠে নামার স্বপ্ন দেখছেন লায়ন। এর শুরুটা হবে অবশ্য বাংলাদেশ সিরিজ দিয়ে। আগস্টে টাইগারদের বিপক্ষে নিজের প্রত্যাবর্তনটা রাঙাতে চান লায়ন। তবে বাকি সিদ্ধান্ত অজি নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট।
আইএইচ
