বিজ্ঞাপন

চট্টগ্রামে ‘অভিষেক’ ম্যাচ খেলার অপেক্ষায় সৌম্য

চট্টগ্রামে ‘অভিষেক’ ম্যাচ খেলার অপেক্ষায় সৌম্য

বাংলাদেশ টি-টোয়েন্টি দলে আবারও ফিরেছেন সৌম্য সরকার। প্রায় দেড় বছর পর ২০ ওভারের ক্রিকেটে জায়গা পাওয়া এই বাঁহাতি ব্যাটারের সামনে অপেক্ষা করছে এক ভিন্ন অভিজ্ঞতা। সুযোগ মিললে চট্টগ্রামে খেলতে পারেন নিজের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে সৌম্যকে দলে নেওয়ার পেছনে রয়েছে অধিনায়ক লিটন দাসের চোট-শঙ্কা। মিরপুরে শেষ ওয়ানডেতে পায়ের পেশিতে টান পড়েছিল তার। ফলে টি-টোয়েন্টি অধিনায়কের প্রথম ম্যাচে খেলা এখনো অনিশ্চিত। ফলে বিকল্প প্রস্তুতি হিসেবে স্কোয়াডে সৌম্যকে ডেকেছে বিসিবি।

সৌম্যকে অন্তর্ভুক্ত করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে লিটন বলেন, ‘সৌম্যকে দলে নেওয়ার কারণ হলো, আমি নিজেই ফিফটি-ফিফটি অবস্থায় ছিলাম। কী হতে পারে, সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এজন্য অন্তত কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

শুধু লিটনই নন, ওপেনার পারভেজ হোসেন ইমনও হালকা অসুস্থতায় ভুগছেন। লিটন আরও বলেন, ‘ইমনেরও হালকা অসুস্থতা আছে। তাই আমরা ঝুঁকি নিতে চাইনি যে প্রয়োজনের সময় হঠাৎ করে কাউকে ডেকে আনতে হবে। সেই চিন্তা থেকেই সৌম্যকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

সবশেষ ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন সৌম্য। এরপর ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়ায় দীর্ঘ সময়ের জন্য জাতীয় দলের বাইরে থাকতে হয় তাকে। এরপর স্কোয়াডে ফিরলেও চোটের কারণে খেলা হয়নি। এবার ফিট সৌম্যকেই দলে ডেকেছেন নির্বাচকেরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই হবে চট্টগ্রামে। অবাক করা বিষয় হলো, ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই ভেন্যুতে কখনো টি-টোয়েন্টি খেলেননি সৌম্য। ফলে লিটন বা ইমনের অনুপস্থিতিতে একাদশে জায়গা পেলে চট্টগ্রামের মাঠেই হতে পারে তার টি-টোয়েন্টি ‘অভিষেক’।

তবে কুড়ি ওভারের ক্রিকেটে সৌম্যর পরিসংখ্যান খুব একটা সমৃদ্ধ নয়। ৮৭ ম্যাচে তার রান ১৪৬২, ব্যাটিং গড় মাত্র ১৭! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি, যা বাংলাদেশের কোনো ব্যাটারের মধ্যে সর্বোচ্চ। এবার নিজেকে নতুন করে প্রমাণ করার মঞ্চ পাচ্ছেন এই বাঁহাতি ব্যাটার।

আইএইচ