টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন জুয়াইরিয়া ফেরদৌস। সেই ঝলমলে ইনিংসের পুরস্কারও পেয়ে গেলেন বাংলাদেশ নারী দলের এই ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়েছেন তিনি।
মঙ্গলবার নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। নতুন তালিকায় নামিবিয়ার ইয়াসমিন খানের সঙ্গে যৌথভাবে ৯৭তম স্থানে উঠে এসেছেন ২০ বছর বয়সী জুয়াইরিয়া।
বিশ্বকাপে গত রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ৬ উইকেটের জয়ে সবচেয়ে বড় অবদান ছিল তার ব্যাট থেকেই। ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। সাতটি চার ও দুটি ছক্কায় সাজানো সেই ইনিংসের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও জেতেন এই ওপেনার।
একই ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রাখা শারমিন আক্তার সুপ্তাও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। সাত ধাপ এগিয়ে তিনি এখন ৪১তম স্থানে। পাঁচ নম্বরে নেমে ৩২ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অভিজ্ঞ এই ব্যাটার।
তবে কিছুটা পিছিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম বলেই আউট হওয়া এই উইকেটকিপার ব্যাটার পাঁচ ধাপ নেমে গেছেন ২৩তম স্থানে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে অবশ্য এটিই সর্বোচ্চ অবস্থান।
বোলারদের র্যাঙ্কিংয়ে ৭ ধাপ উন্নতি করেছেন পেসার মারুফা আক্তার। বর্তমানে ৫৭ নম্বরে অবস্থান করছেন তিনি। এছাড়া রিতু মনি ৩ ধাপ, রাবেয়া ও তৃষ্ণা এক ধাপ উন্নতি করেছেন। এই তালিকায় লেগ স্পিনার রাবেয়া খান সর্বোচ্চ ১৯ নম্বরে রয়েছেন।
আইএইচ
