বিজ্ঞাপন

‘ব্যাটারদের তাড়াহুড়োতেই আমরা ম্যাচ হেরেছি’

‘ব্যাটারদের তাড়াহুড়োতেই আমরা ম্যাচ হেরেছি’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় ১৩১ রানে থামে বাংলাদেশের ইনিংস। ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে না পারলেও এখানে বড় স্কোর গড়া সহজ হবে না, সেটা বুঝেছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তবুও ক্রিকেটারদের তাড়াহুড়োতেই বাংলাদেশ হেরেছে বলে জানিয়েছেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা একটু তাড়াহুড়া করেছি। পাওয়ারপ্লে ভালো ছিল, ৬ ওভারে ৫২ করেছিলাম। সেখান থেকে ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। প্রতি ওভার বা দুই ওভারে উইকেট পড়েছে। পার্টনারশিপ গড়ে তোলার সুযোগ ছিল, কিন্তু আমরা অতিরিক্ত বাউন্ডারির দিকে গিয়েছি।’

উইকেট নিয়ে তালহা জুবায়ের বলেন, ‘উইকেট দেখে বুঝেছিলাম এটা ২০০ রানের উইকেট না। পাওয়ারপ্লেতে ভালো শুরু হলেও ব্যাটাররা ভেবেছে সব বলই মারা যাবে। কিন্তু সব বল মারার মতো ছিল না। বাতাসের ফ্যাক্টরও ছিল, না হলে ইমনের শটটা হয়তো ছক্কা হতো।’

তালহার মতে, ৩০-৩৫ রান যোগ করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। তিনি বলেন, ‘ওরা যেভাবে ট্র্যাপ করেছে, আমরা ট্র্যাপে পা দিয়েছি। ওরা চাচ্ছিল বড় শট খেলতে গিয়ে আমাদের মিস টাইমিং হোক। এটাই হয়েছে। আর আমরা অতিরিক্ত বাউন্ডারির ওপর নির্ভরশীল ছিলাম।

পেস বোলিং কোচ আরও বলেন, ‘ইনিংসটা দাঁড় করাতে পারলে ভালো হতো। আমার মনে হয় ব্যাটাররাও আমার সাথে একমত হবে। ২০-৩০ রানের জুটি হলেও দৃশ্যটা ভিন্ন হতো।’

বাউন্ডারি বড় ছিল কি না, এমন প্রশ্নে তালহা জানান, ‘আপনার পার্টনার যখন ভালো মারছে আর উইকেটে বল আসছে, তখন আপনি সিদ্ধান্ত বদলে নিতেই পারেন। আমাদের ভুল ছিল, উইকেট বিলিয়ে দিয়ে এসেছি। মেহেদীও এক ওভারে পরপর ৩টি চার মেরেছে। সেখানে যদি জেনুইন একজন ব্যাটার ব্যাট করত, অজিদের কাজ আরও কঠিন হতো।’

এসএইচ/আইএইচ