বিজ্ঞাপন

অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসি র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। ২-১ ব্যবধানে জয় তোলা এই সিরিজে বাংলাদেশের পেস আক্রমণে নেতৃত্ব দিয়েছেন মোস্তাফিজ, তাসকিন ও শরিফুল। আইসিসির ওয়ানডে বোলারদের সবশেষ র‍্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন এই তিন বোলার।

সিরিজের শেষ ম্যাচে ছয় উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারি হওয়া শরিফুল র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৮তম স্থানে। ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মোস্তাফিজুর রহমানও বড় উন্নতি করেছেন, ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ২৫তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।

নতুন বলে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তাসকিন আহমেদ পাঁচ ধাপ এগিয়ে ২৭তম স্থানে উঠে এসেছেন। স্পিন বিভাগেও এসেছে উন্নতির খবর। তিন ম্যাচে দুটি উইকেট নেওয়া তানভীর র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে এখন আছেন ৬২তম স্থানে।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের অগ্রগতি চোখে পড়ার মতো। সিরিজে ১৫৪ রান করা এবং সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলা তাওহীদ হৃদয় সাত ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন। র‌্যাঙ্কিংয়ে তিনিই বাংলাদেশের সেরা ব্যাটার। মিডল অর্ডারে তার ধারাবাহিক পারফরম্যান্স সিরিজ জয়ে বড় অবদান রেখেছে।

এছাড়া ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে লিটন দাস তিন ধাপ এবং সৌম্য সরকার এক ধাপ উন্নতি করেছেন। বিপরীতে তানজিদ ও মিরাজের হয়েছে অবনতি।

বাংলাদেশ সিরিজে দারুণ পারফর্ম করে বড় লাফ দিয়েছেন অস্ট্রেলিয়ার কুপার কনোলি। তিন ইনিংসে ১৮৪ রান করা এই তরুণ ব্যাটারের উন্নতি হয়েছে ১০২ ধাপ। এছাড়া লাবুশেন ও জশ ইংলিশও র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। তবে অজি বোলারদের মধ্যে ব্রাটলেট ছাড়া কারোই তেমন উন্নতি হয়নি।

আইএইচ