বিজ্ঞাপন

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে লক্ষ্য জানালেন বাংলাদেশ অধিনায়ক

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে লক্ষ্য জানালেন বাংলাদেশ অধিনায়ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা চলছে। ইতোমধ্যে দুটি ম্যাচ খেলে একটিতে জয় ও আরেকটি হেরেছে বাংলাদেশ নারী দল। নিগার সুলতানা জ্যোতির দল তৃতীয় ম্যাচে আজ (শনিবার) পাকিস্তানের মুখোমুখি হবে। তার আগে এই টাইগ্রেস অধিনায়ক জয়ের লক্ষ্য ও পরিকল্পনার কিছুটা জানিয়েছেন। 

টপ অর্ডার ব্যাটারদের কাছে বড় প্রত্যাশা জানিয়ে জ্যোতি বলেন, ‘প্রথমত, আমরা যখনই পাকিস্তানের বিপক্ষে খেলি, ভালো ক্রিকেট খেলার চেষ্টা করি। তাদের বিরুদ্ধে আমাদের জয়ের হারও তুলনামূলকভাবে ভালো। তাই আমার মনে হয়, এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে দায়িত্বশীল ব্যাটিং করা। আমরা একটি নতুন ভেন্যুতে খেলব, তাই উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াও গুরুত্বপূর্ণ হবে। তবে আমার বিশ্বাস, আমাদের অতীতের ভালো রেকর্ডের দিকে তাকালে দেখা যায়, দল হিসেবে ঘুরে দাঁড়াতে হলে ইতিবাচক মানসিকতা খুবই জরুরি।’

‘অস্ট্রেলিয়া ম্যাচ এখন অতীত। তাই নেতিবাচক বিষয়গুলো নিয়ে না ভেবে, যদি আমরা ইতিবাচক দিকগুলো পরের ম্যাচে নিয়ে যেতে পারি, তাহলে তা আমাদের সাহায্য করবে। আমি বিশ্বাস করি, এই দলের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে’, আরও যোগ করেন বাংলাদেশ অধিনায়ক

পাওয়ার প্লে কাজে লাগানোর ওপর জোর দিয়ে জ্যোতি বলেন, ‘আমার বিশ্বাস, পাওয়ারপ্লেতে রান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি আগে ব্যাট করুন বা রান তাড়া করুন– দুটি ক্ষেত্রেই। কারণ প্রথম ছয় ওভারে যথেষ্ট রান না করতে পারলে পুরো দলের ওপর চাপ তৈরি হয়। পরে সেই ঘাটতি পূরণ করা অনেক কঠিন হয়ে যায়। অস্ট্রেলিয়া ম্যাচে এমনটাই হয়েছে। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে আমরা এই কাজটা ভালোভাবে করতে পেরেছিলাম। বর্তমানে আমাদের টপ অর্ডারে যারা খেলছে, তাদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে।’

প্রথম ম্যাচ থেকে অনুপ্রেরণা খুঁজে পাকিস্তানকে হারাতে চান এই উইকেটরক্ষক ব্যাটার, ‘তারা নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো করেছে, যা তাদের সক্ষমতার প্রমাণ। তাই আমি আশা করি, পাকিস্তানের বিপক্ষে তারা একই ইতিবাচক মানসিকতা ও উদ্দেশ্য নিয়ে মাঠে নামবে। যদি তারা তা করতে পারে, তাহলে সেটি দলের পারফরম্যান্সে বড় প্রভাব ফেলবে। আমরা জানি, যদি প্রত্যেক প্লেয়ার নিজের ভূমিকা ঠিকভাবে পালন করতে পারে এবং আমরা কম ভুল করি, বিশেষ করে যদি টপ অর্ডাররা পাওয়ারপ্লেতে রান করতে পারে, তাহলে আমাদের জয়ের ভালো সুযোগ থাকবে।’

এসএইচ