ক্রীড়াঙ্গনে চলছে ফুটবল বিশ্বকাপের মহারণ। চলতি মাসের ১১ তারিখ থেকে ৪৮টি দেশ নিয়ে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। বাংলাদেশ দল অংশগ্রহণ করার সুযোগ না পেলেও দেশের ক্রীড়া প্রেমীরা ফুটবল বিশ্বকাপ নিয়েই মত্ত। বিশ্বকাপের আবহের মধ্যেই অস্ট্রেলিয়া সিরিজে টিকিট বিক্রি করে কোটি টাকার রাজস্ব আদায় করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় পুরো দেশ মাতলেও ক্রিকেটপ্রেমীদের আগ্রহে ভাটা পড়েনি। গতকাল শুক্রবার চট্টগ্রামের সাগরিকায় ছিল লোকে লোকারণ্য। মিরপুরেও ওয়ানডে সিরিজে দর্শকদের উপস্থিতি কম ছিল না। গ্যালারি ভর্তি দর্শক দেখে বুঝার ঠাঁই নেই, দেশের ক্রীড়াঙ্গন ডুবেছে ফুটবল জ্বরে।
তবে দর্শকদের এমন আগ্রহকে কাজে লাগিয়ে ইতোমেধ্যে কোটি টাকার টিকিট বিক্রি করেছে বিসিবি। ক্রিকেট বোর্ডের বিশ্বস্ত সূত্রে এমন তথ্য জানা গেছে।
মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। অজিদের ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। এবার চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজে লড়ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ হারলেও গ্যালারিতে দর্শকদের কমতি ছিল না।
ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টির প্রথম দুই ম্যাচ মিলিয়ে দর্শকদের কাছে টিকিট বিক্রির আয় কোটি টাকা ছাড়িয়েছে। কুড়ি ওভারের সিরিজের শেষ ম্যাচ আগামীকাল। এই ম্যাচের টিকিট বিক্রি থেকে আয়ের পরিমাণ আরও বাড়তে পারে।
এসএইচ/আইএইচ
