২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি বাংলাদেশ দল। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়ে দেশে ফিরেছিল আজিজুল হাকিম তামিমের দল। এরপর থেকে যুব দলের আর কোনো ম্যাচ হয়নি।
তবে ২০২৮ যুব বিশ্বকাপকে সামনে রেখে কাজ শুরু করেছে বিসিবি। ইতোমধ্যে শেষ হয়েছে ইয়ুথ ক্রিকেট লিগও। খুলনায় বর্তমানে চলেছে ৪৫ জন নিয়ে ট্রেনিং সেশনও। জুনিয়র টাইগারদের সাবেক প্রধান কোচ নাভিদ নেওয়াজের সঙ্গে চুক্তি শেষ হয়েছে গেল মাসে। যে কারণে নতুন প্রধান কোচ কে হবেন তা নিয়ে চলছে আলোচনা।
বিশ্বস্ত সূত্রে ঢাকা পোস্ট নিশ্চিত হয়েছে, প্রধান কোচ নাভিদের চুক্তির মেয়াদ বাড়ায়নি বিসিবি। নতুন করে হান্নান সরকারের কাঁধে দায়িত্ব দিয়েছে বোর্ড, দুই বছরের চুক্তিতে তিনি যুবাদের সঙ্গে কাজ করবেন। যদিও আনুষ্ঠানিকভাবে প্রধান কোচ কে হবেন সেটা এখনো জানায়নি বিসিবি।
এ দিকে যুবা দলের মেন্টর হিসেবে বড় চমকই দেখিয়েছে বিসিবি। জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে মেন্টর হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বোর্ড। এই সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে আছে, বাকি কেবল আনুষ্ঠানিক ঘোষণার।
এসএইচ/এইচজেএস
