অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও হেরেছে বাংলাদেশ। আজ রোববার শেষ ম্যাচে অজিরা জিতেছে ৭ উইকেটে। সিরিজের শেষ ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স।
এমন হার হতাশাজনক কি না? এমন প্রশ্নে সিমন্স বলেন, 'আমাদের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজগুলোতে যেভাবে খেলেছি, সে হিসেবে এটা অত্যন্ত হতাশাজনক। গত ম্যাচে হারার পরও দলের এটিটিউড দেখে আমি খুশি ছিলাম। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে লক্ষ্য তাড়া করতে নেমে ১৯০ রান ভালো লড়াই। তবে প্রথম ম্যাচ ও আজকের ম্যাচ, বিশেষ করে ব্যাটিং ইউনিট… খুব হতাশার। বোলারদের জেতানোর মতো কিছুই দিতে পারিনি।'
'এটা সিরিজ নিয়ে কথা নয়, ব্যাপার হলো আমরা কীভাবে খেলতে চাই। আমরা অবশ্যই দ্রুত রান করতে চাই। তবে পরিস্থিতি বুঝেও খেলতে হবে। তামিমের উইকেটের পর আমরা সবাই উইকেট বিলিয়ে দিয়ে এসেছি। দায়িত্ব নিতে হবে তো মাঝখানে কাউকে। আজ শুধু হৃদয়ই নিয়েছে।'-যোগ করেন তিনি।
লিটনকে মিস করা নিয়ে প্রধান কোচ বলেন, 'লিটনের ব্যাটিং, লিটনের ক্লাস মিস তো করতেই হবে। তবে সে ইঞ্জুরিতে থাকলে আমাদের তো খেলে যেতে হবে, ভালো খেলতে হবে। অন্যদেরও ভালো খেলতে হবে। লিটন তো যেকোনো দিন আউট হয়ে যেতে পারে, একটা বলই প্রয়োজন। তখন চাপ সামলাতে হবে তো।'
'প্রথম ম্যাচের পর ব্যাট হাতে আমরা উন্নতি করেছিলাম। ছেলেরা পরিশ্রমও করেছে অনেক। গত কয়েক সিরিজ নিয়ে আমার আপত্তি নেই। তবে এই সিরিজ, বিশেষ করে আজকের ম্যাচ… দ্বিতীয় ম্যাচে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম।'-যোগ করেন তিনি।
এসএইচ/এইচজেএস
