২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি বাংলাদেশ দল। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়ে দেশে ফিরেছিল যুবা টাইগাররা। তবে ২০২৮ যুব বিশ্বকাপকে সামনে রেখে কোচিং স্টাফ ঢেলে সাজিয়েছে বিসিবি।
বর্তমানে চলেছে ৪৫ জন নিয়ে যুবা টাইগারদের ট্রেনিং সেশন। জুনিয়র টাইগারদের সাবেক প্রধান কোচ নাভিদ নেওয়াজের সঙ্গে চুক্তি শেষ হয়েছে গেল মাসে। যে কারণে নতুন প্রধান কোচ কে হবেন তা নিয়ে চলছিল এতদিন আলোচনা।
আজ আনুষ্ঠানিকভাবে প্রধান কোচের নাম ঘোষণা করেছে বিসিবি। দুই বছরের চুক্তিতে হান্নান সরকারকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে বোর্ড। এর আগে যুব দল ও জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তিনি।
নতুন দায়িত্ব গ্রহণের দিন আজ সংবাদ সম্মেলনে হান্নান সরকার বলেন, 'স্বপ্ন তো অনেক আগে থেকেই ছিল। নির্বাচক হওয়ার আগেও কোচ ছিলাম। ৯ বছর পর সিলেকশনে আসা। এরপর বোর্ড যখন দেশিদের প্রমোট করছে, সেখান থেকে নতুন করে স্বপ্ন দেখা।'
যুব দলের কোচ হওয়ার অনুভূতি জানিয়ে হান্নান বলেন, 'আসলে কোচিংয়ে আসার স্বপ্নটা আমার অনেক আগের। জাতীয় নির্বাচক হওয়ারও আগে আমি কোচিং করিয়েছি। আপনারা হয়তো জানেন, ২০১১ সালে খেলা ছাড়ার পরও আমি তিন বছর প্রিমিয়ার লিগে কোচিং করেছি। পাশাপাশি ন্যাশনাল লিগের প্রথম শ্রেণির ক্রিকেটেও কোচিং করিয়েছি। এরপর নির্বাচক হিসেবে দায়িত্ব নিই। নয় বছরের সেই যাত্রা শেষ হওয়ার পর যখন আবার সুযোগ এল, বিশেষ করে আমাদের ক্রিকেট বোর্ড যখন দেশি কোচদের অগ্রাধিকার দিচ্ছে এবং তাদের প্রমোট করছে, তখন আমার সেই পুরোনো স্বপ্নটা আবার জেগে ওঠে যে আমি কোচিংয়ে ফিরতে পারি।'
এ দিকে যুবা দলের মেন্টরের পদে বড় চমকই দেখিয়েছে বিসিবি। জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড।
এসএইচ/এইচজেএস
