আগামী ২৮ জুন হারারেতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে জিম্বাবুয়ে। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ব্যস্ততার কারণে এই ম্যাচে অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাকে পাবে না তারা।
জিম্বাবুয়ে ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজাকে ‘২০২৬ ভাইটালিটি ব্লাস্ট ক্যাম্পেইনের বাকি অংশের জন্য ওরচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রতি তার দায়বদ্ধতা পূরণ করার অনুমতি দেওয়া হয়েছে।’
২০১৭ সাল থেকে কোনো টেস্ট ম্যাচ না খেলা ৩৯ বছর বয়সী লেগ স্পিনার গ্রায়েম ক্রেমারকে ১৫ জনের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফাস্ট বোলার রিচার্ড এনগারাভার এই টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে নেতৃত্বে অভিষেক হচ্ছে। গত ডিসেম্বরে টেস্ট ও ওয়ানডের নেতৃত্বে ক্রেইগ আরভিনের স্থলাভিষিক্ত হন তিনি।
২০২৫ সালের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ইনিংস ও ৭৩ রানে জয়ের পর প্রথম টেস্ট খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে। ওই ম্যাচের স্কোয়াডের বাইরে থাকা ইনোসেন্ট কাইয়া, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভেরে ও নিউমান নিয়ামহুরিকে নেওয়া হয়েছে।
জিম্বাবুয়ে স্কোয়াড: রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, তানাকা শিভাঙ্গা, গ্রায়েম ক্রেমার, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, রয় কাইয়া, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি, ব্রেন্ডন টেলর ও তাফাজওয়া সিগা।
এফএইচএম
