ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ ২০২৫-২৬ মৌসুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে নতুন মৌসুমের ট্রফি উন্মোচন করা হয়।
বিসিবি সভাপতি তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো আরও গতিশীল হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার শুরু হলো ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেটের নতুন অধ্যায়। অনুষ্ঠানে অংশ নেন লিগে অংশগ্রহণকারী ২০টি ক্লাবের অধিনায়করা। তাদের উপস্থিতিতে নতুন মৌসুমের আনুষ্ঠানিক সূচনা হয়।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগের সমন্বয়ক মোহাম্মদ সেলিম, ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের সমন্বয়ক মো. সুমন হাসান এবং সিসিডিএম ও বিসিবির ভেন্যু সমন্বয়ক সারফরাজ নেওয়াজ।
আগামী ২৫ জুন থেকে মাঠে গড়াবে এবারের আসর। চলবে ২০ জুলাই পর্যন্ত। ঢাকার ছয়টি ভেন্যুতে পুরো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
এসএইচ/আইএইচ
