ফুটবল বিশ্বকাপের ঢামাঢোলের মাঝেই চলছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ নারী দলও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে, যেখানে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ২ জয় তুলে নিয়েছে জ্যোতিরা। বাংলাদেশের জন্য যা বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ জয়ের রেকর্ডও। এবার বাংলাদেশের সামনে রয়েছে দুই শক্তিশালী দল ভারত এবং দক্ষিণ আফ্রিকা।
পরের দুই ম্যাচেই জিততে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হবে নিগার সুলাতানা জ্যোতিদের। অসম্ভব না হলেও বাংলাদেশের জন্য কাজটা কঠিনই বটে। তবে কঠিনকে জয় করতে আজ ভারতের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। যদিও মাঠে নামার আগে বাংলাদেশকে পূর্ণ সম্মান দিচ্ছেন ভারতীয় ক্রিকেটার শেফালি ভার্মা।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে শেফালি জানিয়েছেন, বাংলাদেশ বা কোনো দলকেই হালকাভাবে নিচ্ছেন না তারা। সব দলকেই সমান গুরুত্ব দিয়ে দেখছেন। সাথে আশা করছেন ভালো খেলে ম্যাচ জেতারও।
শেফালি ভার্মা বলেছেন, ‘আপনি কোনো দলকেই হালকাভাবে নিতে পারবেন না। তারাও নিজেদের খেলা দেখাতে এসেছে। ম্যাচ ধরে ধরে আমরা আগাব। ২ ম্যাচ জিততে হবে আমাদের (সেমিতে যেতে)। তবে আমরা এক ম্যাচ ধরেই আগাতে চাই, বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা খেলে ম্যাচটা জিততে চাই।’
এসএইচ/আইএইচ
