বিজ্ঞাপন

হল্যান্ডকে লজ্জার মুখে ফেললেন অস্ট্রেলিয়ান তারকা

হল্যান্ডকে লজ্জার মুখে ফেললেন অস্ট্রেলিয়ান তারকা

ব্যাট হাতে মার্কাস স্টয়নিস যখন ছন্দে থাকেন, তখন বিশ্বের সেরা বোলারদেরও অসহায় দেখায়। মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) এবার সেই দৃশ্যই দেখা গেল। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারের ব্যাটিং তাণ্ডবে এক ওভারে ৫ ছক্কা হজম করে লজ্জার মুখে পড়লেন ইয়ান হল্যান্ড। স্টয়নিসের ঝড়ো ইনিংসের ওপর ভর করে ওয়াশিংটন ফ্রিডমকে ৮৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে সিয়াটল অরকাস।

ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন স্টয়নিস। তবে তার আসল রুদ্ররূপ দেখা যায় ১৭তম ওভারে। বল হাতে আসেন যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার ইয়ান হল্যান্ড। প্রথম চার বলেই চারটি বিশাল ছক্কা হাঁকান স্টয়নিস। পঞ্চম বল ডট দেওয়ার পর শেষ বলটিও উড়িয়ে মারেন গ্যালারিতে। সবমিলিয়ে ওই এক ওভার থেকেই আসে ৩০ রান, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

স্টয়নিসের বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ২২৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সিয়াটল অরকাস। দলের হয়ে অবশ্য সবচেয়ে কার্যকর ইনিংসটি আসে হেটমায়ারের ব্যাট থেকে। ক্যারিবিয়ান এই ব্যাটার ৯ ছক্কা ও দুই চারে ৩৩ বলে করেন ৭৯ রান। অন্যদিকে, ৬ ছক্কায় ১৬ বলে ৪২ রান করেন স্টয়নিস।

২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ওয়াশিংটন ফ্রিডম। বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। কোনো ব্যাটারই ইনিংস বড় করতে না পারায় নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ১৩৯ রানে অলআউট হয়ে যায় দলটি। ফলে ৮৮ রানের দাপুটে জয় তুলে নেয় সিয়াটল।

এই ম্যাচটি দুঃস্বপ্ন হয়ে থাকবে ইয়ান হল্যান্ডের জন্যও। চার ওভারে তিনি দেন ৪৯ রান, শিকার মাত্র দুইটি উইকেট। তবে স্টয়নিসের কাছে এক ওভারে ৩০ রান হজম না করলে দারুণ স্পেল হতো তার। উল্টো ৫ ছক্কা হজম করে লজ্জার খাতায় নাম লিখিয়েছেন তিনি।

এমএলসিতে এক ওভারে ৫ ছক্কার ঘটনা অবশ্য নতুন নয়। চলতি আসরেই শ্রীলঙ্কার দাসুন শানাকাকে এক ওভারে টানা ৫ ছক্কা হাঁকিয়েছিলেন ক্যারিবিয়ান তারকা রোভমেন পাওয়েল। সিয়াটল অরকাসেই খেলেন শানকা। এবার যেন সতীর্থের ৫ ছক্কার হজমের বদলাই হল্যান্ডের ওপর দিয়ে তুললেন সিয়াটলের অধিনায়ক মার্কাস স্টয়নিস।

আইএইচ