ফুটবল বিশ্বকাপের দামামার মাঝেই শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ। চার বছর পর রোডেশিয়ানদের মাটিতে খেলতে গেল টাইগাররা। পূর্ণাঙ্গ সিরিজে এক টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। একমাত্র টেস্ট দিয়ে সাত ম্যাচের এই পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে।
আগামীকাল ২৮ জুন হারারেতে টেস্ট ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে। লাল বলের লড়াই শেষে সাদা বলের দুই সিরিজ খেলবে বাংলাদেশ। হারারেতে ৬, ৯ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। টেস্টের মতো ৫০ ওভারের প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
সাদা বলের লড়াইয়ের শেষ অধ্যায় হবে বুলাওয়েতে। সেখানে ১৫, ১৭ ও ১৯ জুলাই তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে।
সবশেষ ২০২৫ সালে টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সেই সিরিজের প্রথম টেস্ট জিতে চমক দেখিয়েছিল স্বাগতিকরা। যদিও দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করে বাংলাদেশ। তবে সিরিজ খোয়ানোর ক্ষতের স্বাদ এবার জিম্বাবুয়েকে দিয়ে চায় শান্তর দল।
এর আগে ২০২২ সালের জুলাই-আগস্টে সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিল টাইগাররা। বিসিবি সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে সেই সফরে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর টি-টোয়েন্টিতেও একই ব্যবধানে সিরিজ হেরে বাড়ি ফিরেছিল লাল-সবুজের দল।
সবশেষ ২৫ বছরে জিম্বাবুয়ের মাটিতে ৯ ওয়ানডে সিরিজের মধ্যে মাত্র তিনটি জিতেছিল বাংলাদেশ। বাকি ৬ সিরিজেই দাপট দেখিয়েছে স্বাগতিকরা। অন্যদিকে, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটিই হবে জিম্বাবুয়ের প্রথম আন্তর্জাতিক সিরিজ।
একনজরে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি
| তারিখ | ম্যাচ | সময় | ভেন্যু |
| ২৮ জুন | একমাত্র টেস্ট | দুপুর ১:৩০ | হারারে |
| ৬ জুলাই | প্রথম ওয়ানডে | দুপুর ১:৩০ | হারারে |
| ৯ জুলাই | দ্বিতীয় ওয়ানডে | দুপুর ১:৩০ | হারারে |
| ১১ জুলাই | তৃতীয় ওয়ানডে | দুপুর ১:৩০ | হারারে |
| ১৫ জুলাই | প্রথম টি-টোয়েন্টি | বিকাল ৪:৩০ | বুলাওয়ে |
| ১৭ জুলাই | দ্বিতীয় টি-টোয়েন্টি | বিকাল ৪:৩০ | বুলাওয়ে |
| ১৯ জুলাই | তৃতীয় টি-টোয়েন্টি | বিকাল ৪:৩০ | বুলাওয়ে |
আইএইচ
