বিজ্ঞাপন

বিশ্বকাপে জ্যোতিদের যে টোটকা দিলেন তামিম

বিশ্বকাপে জ্যোতিদের যে টোটকা দিলেন তামিম

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে পড়েছে বাংলাদেশ নারী দল। আজ রবিবার শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারানোসহ আরও অনেক যদি-কিন্তুর ওপর ঝুলে আছে বাংলাদেশের সেমিফাইনালের আশা। তাই শেষ ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হবে জ্যোতিদের।

টাইগ্রেসদের খেলা দেখতে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে গিয়েছিলেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। অবশ্য দেশ ছাড়ার আগে বোর্ড প্রধান তামিম ইকবালের সঙ্গেও আলাপ হয়েছিল নারী দলের। দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কথা বলেছেন তামিমের বার্তা এবং দলের নানা দিক নিয়েও।

তামিমের দেওয়া বার্তার ব্যাপারে সংবাদ সম্মেলনে জ্যোতি বলেছেন, ‘আমরা এখানে আসার আগে বোর্ড সভাপতি (বিসিবি প্রধান তামিম ইকবাল) আমাদের সঙ্গে কথা বলেছিলেন। তিনি একটি বিষয়ের ওপরই জোর দিয়েছিলেন- ইতিবাচক থাকতে হবে, নিজেদের স্বাভাবিক ক্রিকেট খেলতে হবে এবং ভালো পারফর্ম করার চেষ্টা করতে হবে।’

‘তিনি আমাদের ওপর কোনো চাপ দেননি। বরং তিনি চেয়েছিলেন, আমরা যেন এই বিশ্বকাপ উপভোগ করি এবং সর্বোচ্চ চেষ্টা করি। মূল বিষয়টাই হলো চেষ্টা। এটাই ছিল তার বার্তা। আমরা দেশের জন্য খেলছি, আর প্রত্যেক খেলোয়াড়ই নিজের সেরাটা দিতে চায়। কখনও সেটা সফল হয়, কখনও হয় না। কিন্তু সামগ্রিকভাবে এটাই ছিল তার বার্তা।’

সেমিফাইনালের আশা প্রায় শেষ হয়ে গেলেও প্রোটিয়া ম্যাচে সর্বোচ্চ লড়াই করে যেতে চান জ্যোতি, ‘প্রথমত, আমার মনে হয় বিশ্বকাপের প্রতিটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর শেষ ম্যাচও (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) এর ব্যতিক্রম নয়। আমরা অবশ্যই সেখানে ভালো ক্রিকেট খেলতে চাই, আর অবশ্যই ম্যাচটি জিততেও চাই। এখন পর্যন্ত দল মোটামুটি ভালো অবস্থায় আছে। তবে এখনও কিছু জায়গা আছে, যেগুলো আমরা ঠিক করতে পারি এবং আরও উন্নতি করতে পারি। আমার মতে, বিষয়টি পুরোপুরি মানসিকতার ওপর নির্ভর করে। আমরা যদি ইতিবাচক মানসিকতা ধরে রাখতে পারি, এই ম্যাচের ভালো দিকগুলোকে কাজে লাগাতে পারি এবং প্রত্যেকে নিজের দায়িত্ব অনুযায়ী আরও ভালো অবদান রাখতে পারি, আরও দায়িত্বশীল ক্রিকেট খেলতে পারি, তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে।’

দলের অবস্থা নিয়ে অধিনায়ক বলেছেন, ‘আমাদের ব্যাটিং ও বোলিং - দুই বিভাগই ধীরে ধীরে নিজেদের ছন্দ ফিরে পাচ্ছে। যদিও ভারত ম্যাচে আমরা ভালো বোলিং করতে পারিনি। যদি আরও ভালো বোলিং করতে পারতাম, তাহলে হয়তো ফলাফল ভিন্ন হতে পারত। তবুও আমার বোলিং ও ব্যাটিং - দুই ইউনিটের প্রতিই আস্থা আছে।’

এসএইচ/এমএমএম