গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ নারী দল। বিশ্বকাপের এবারের আসরে প্রথমবার দুটি জয় পেয়েছে টাইগ্রেসরা। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এসে দলকে নিয়ে গর্বের কথাই শুনিয়ে গেলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
পুরো বিশ্বকাপ নিয়ে জ্যোতি বলেন, ‘দেখুন, আমরা যখন এই টুর্নামেন্টে এসেছিলাম, তখন আমাদের লক্ষ্য ছিল বেশি ম্যাচ জেতা। কারণ গত বিশ্বকাপে আমরা মাত্র একটি ম্যাচ জিতেছিলাম। এবার আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলেছি। তবে কিছু ম্যাচে আমরা কিছু রান কম করেছি, আবার কোনো কোনো ম্যাচে বোলিং ভালো হলেও ব্যাটিংটা ভালো হয়নি। অর্থাৎ কয়েকটি ম্যাচে আমাদের সমন্বয়টা ঠিকভাবে হয়নি। যদি সেটা হতো, তাহলে হয়তো আরও একটি ম্যাচ জিততে পারতাম।’
‘তবুও আমি দলের মেয়েদের নিয়ে খুবই গর্বিত। টুর্নামেন্টজুড়ে তারা যেভাবে লড়াই করেছে, প্রতিটি বল, প্রতিটি রান এবং প্রতিটি মুহূর্তে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। বিভিন্ন সময়ে বিভিন্ন খেলোয়াড় দলের জন্য এগিয়ে এসেছে। তাই আমি খুশি।’
প্রথমবার লর্ডসে খেলা নিয়ে জ্যোতি বলেন, 'অবশ্যই দারুণ অনুভূতি। এটি একটি ঐতিহাসিক ও আইকনিক মাঠ, সবাই এ সম্পর্কে জানে। আমরা চেয়েছিলাম এখানে এমন কিছু করতে, যা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। মেয়েরা যেভাবে খেলেছে, সেটা অসাধারণ। বিশেষ করে পাওয়ারপ্লেতে আমরা দ্রুত উইকেট হারানোর পরও সোবহানার (মোস্তারী) ব্যাটিং খুব ভালো ছিল। আর টুর্নামেন্টজুড়েই আমাদের বোলাররা দারুণ করেছে।'
অধিনায়কত্বের চাপ নিয়ে জ্যোতি জানান, ‘না, আসলে আমরা সবসময় একটা বিষয় নিয়ে কথা বলেছি- এটাই সেই সময়, যখন নিজেদের শান্ত রাখতে হবে, স্বাভাবিক থাকতে হবে এবং যা আমাদের নিয়ন্ত্রণে আছে, সেদিকেই মনোযোগ দিতে হবে।’
‘ভারতের বিপক্ষে এবং আজকের ম্যাচ- দুটোই খুব কাছাকাছি ছিল। এসব ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। এমন পরিস্থিতিতে কী করা উচিত, বোলারদের কীভাবে বল করা উচিত- এসব নিয়ে অনেক শিক্ষা হয়েছে। আমরা অবশ্যই জিততে চেয়েছিলাম, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কাজে লাগাতে পারিনি। তাই এখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
এসএইচ/এমএমএম
