বিজ্ঞাপন

১৪০ রান করেও আক্ষেপ করছেন ইনোসেন্ট কাইয়া

১৪০ রান করেও আক্ষেপ করছেন ইনোসেন্ট কাইয়া

হারারে টেস্টের দ্বিতীয় দিন শেষে বেশ ভালো অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ওপেনার ইনোসেন্ট কাইয়ার ১৪০ রানের ইনিংসে তারা ২৭০ রানের লিড নেয়। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের ইনিংস ও দলের অবস্থান নিয়ে কথা বলেন এই ব্যাটার। পাশাপাশি নিজের আউট হওয়ার ধরণ নিয়েও করেছেন আক্ষেপ।

সেঞ্চুরির অনুভূতি জানাতে গিয়ে কাইয়া বলেন, ‘শুরুতে আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে চাই আমাকে জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়ার জন্য। দলে এসে শুধু খেলার সুযোগ চেয়েছিলাম। পারফরম্যান্স নিয়ে অত ভাবিনি। এটা আমার প্রথম সেঞ্চুরি জিম্বাবুয়ের হয়ে। আমি কৃতজ্ঞ। কেবল বল দেখে খেলে গেছি। বেশি কিছু ভাবিনি। যতক্ষণ সম্ভব টিকে থাকাই ছিল পরিকল্পনা।’

চোট কাটিয়ে ফেরার লড়াই নিয়েও কথা বলেন তিনি। কাইয়া বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে আপনাকে খেলতে হবে। হাঁটুর চোট সারতে সময় লাগে। দলে ফিরে মনে হয়েছিল আমার জন্য ভালো সুযোগ। কঠোর পরিশ্রম করেছি, ফিটনেস নিয়ে কাজ করেছি, নেটে সময় দিয়েছি। শুধু ক্রিকেটে মনোযোগ রেখেছি। পথটা সহজ ছিল না, অনেক ওঠানামা গেছে। সন্দেহও এসেছে নিজের ভেতরে। তবে আমি মনোযোগ ধরে রেখেছি।’

সেঞ্চুরির পর উদযাপন প্রসঙ্গে তিনি জানান, ‘সেঞ্চুরি করলেই আমি এভাবেই উদযাপন করি (হাসি)। বাইরের কথাগুলো বন্ধ করে দিতে চাই।’

নব্বই রানের পর নার্ভাস ছিলেন কি না—এ প্রশ্নে কাইয়া বলেন, ‘আমি এখানে অভ্যস্ত। নব্বই পার হলে অতটা নার্ভাস হই না। ভাবি এটা ভালো সুযোগ। রিল্যাক্স থেকে বল খেলে যাই। শর্ট বল ছিল, তাই পুল করে রান বের করেছি।’

দলের লিড নিয়ে কাইয়া বলেন, ‘২৭০ রানের লিড ভালোই আসলে। আমরা এক উইকেট তুলে ফেলেছি। কালকে এসে যদি (বল হাতে) আগুন ঝরাতে পারি, তাহলে আমাদের নিশ্চিতভাবেই জেতার ভালো সুযোগ থাকবে।’

নিজের আউট হওয়ার ধরণ নিয়েও আক্ষেপ করেছেন এই ব্যাটার। দিনশেষে তিনি আরও বলেন, ‘আউট হয়ে ভেবেছিলাম সোজা ব্যাটেই খেলা দরকার ছিল। আরও রান করা যেত যেগুলো আমি হারিয়েছি। গেম প্ল্যান একদম সিম্পল। যতটা ভালোভাবে খেলে টেস্ট ম্যাচটা জেতা যায়।’

এসএইচ/আইএইচ