বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ কোর্টনি ওয়ালশকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে। গত ২৩ জুন জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল (বুধবার) আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের ঘোষণা দেয় দেশটির ক্রিকেট বোর্ড।
চলতি বছরের শুরুতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছিলেন ওয়ালশ। সেই দায়িত্ব সফলভাবে পালন করার পর এবার তাকে পূর্ণকালীন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।
ওয়ালশের অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের গ্রুপে শীর্ষস্থান দখল করে সুপার এইটে জায়গা করে নিয়েছিল তারা। পাশাপাশি নিশ্চিত করেছে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিটও।
২০১৬ থেকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তাসকিন-মোস্তাফিজদের সঙ্গে কাজ করেছেন কোর্টনি ওয়ালশ। এরপর তিনি ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচও ছিলেন। ২০২৪ সালে জিম্বাবুয়ে নারী দলের টেকনিক্যাল পরামর্শকের ভূমিকায় ছিলেন ওয়ালশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন তিনি।
এদিকে প্রধান কোচ জাস্টিন স্যামন্সের নেতৃত্বাধীন কোচিং স্টাফে বড় কোনো পরিবর্তন আনেনি জিম্বাবুয়ে ক্রিকেট। ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন ডিয়ন ইব্রাহিম। ফিল্ডিং ও লোয়ার অর্ডার ব্যাটিং কোচ হিসেবে থাকছেন স্টুয়ার্ট মাতসিকেনিয়েরি।
এ ছাড়া জিম্বাবুয়ে 'এ' দল ও ঈগলসের ম্যানেজার সাবেক অলরাউন্ডার চামু চিভাবাভাকে সিনিয়র দলের ম্যানেজার দিলীপ চৌহানের সহকারী হিসেবে যুক্ত করা হয়েছে। ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
অন্যদিকে, অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্বে বহাল রয়েছেন সাবেক অধিনায়ক এলটন চিগুম্বুরা।
বর্তমানে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে জিম্বাবুয়ে। হারারেতে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় জয় তুলে নিয়ে নতুন অধিনায়ক রিচার্ড এনগারাভার নেতৃত্বে দারুণ সূচনা করেছে স্বাগতিকরা। এর মাঝেই কোচিং প্যানেলে রদবদল আনলো জিম্বাবুয়ে।
আইএইচ
