ওয়ানডে ফরম্যাটে মাঠে গড়াবে আসন্ন এশিয়া কাপ। ইতোমধ্যে এর দিনক্ষণ প্রায় চূড়ান্ত করে ফেলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে আনুষ্ঠানিক তারিখ এখনো ঘোষণা হয়নি। আগামী বছরের জুন-জুলাইয়ের মধ্যে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে পারে, যার আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়া কাপের ভেন্যুর নিয়ে বিসিবির কাছে বিস্তারিত জানতে চেয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভেন্যু হিসেবে বিসিবির ভাবনায় আছে মিরপুর, সিলেট ও চট্টগ্রামের স্টেডিয়াম। এ বিষয়ে আজ মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিস্তারিত জানিয়েছেন বিসিবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ।
তিনি বলেন, ‘আমরা মিরপুর, চট্টগ্রাম এবং সিলেট-আমাদের যে সচরাচর আন্তর্জাতিক ভেন্যুগুলো রয়েছে, সেগুলো নিয়ে বিবেচনা করছি। কিন্তু আবারও বলছি, এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। তবে ইনশাল্লাহ আগামী বছরের এশিয়া কাপ যদি বাংলাদেশে হয়, তাহলে আপনারা সবকিছুই দেখতে পারবেন।’
কয়েকদিনের মধ্যে ভেন্যু চূড়ান্ত হবে বলে জানিয়ে ইব্রাহিম বলেন, ‘আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং প্রস্তাবিত যে তিনটা ভেন্যু, সেটা নিয়ে তারা আমাদের থেকে আরেকটু বিস্তারিত জানতে চাচ্ছে। আমরা আশা করি, আগামী কয়েকদিনের মধ্যে জিনিসটা চূড়ান্ত করে ফেলব।’
১১ বছর পর এশিয়া কাপ আয়োজন বিসিবির এই পরিচালক বলেন, ‘আমরা আশাবাদী যে এত বছর পরে এশিয়া কাপ আবার বাংলাদেশে আসছে, আমরা যাতে দর্শকদেরকে এবং যারা খেলাপ্রেমী, তাদেরকে যাতে একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারি।’
‘আমরা তো আমাদের থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং কতটা ইতিবাচক, সেটা তো আপনারা হয়তো আমাদের কিছু কার্যক্রম দেখে বুঝতে পারছেন। আমরা চেষ্টা করছি, এখন বাকিটা কী ঘটে তার ওপর নির্ভর করবে’-যোগ করেন তিনি।
এসএইচ/আইএইচ
