বিজ্ঞাপন

৬ উইকেট শিকারের পুরস্কার পেলেন নাহিদ রানা

৬ উইকেট শিকারের পুরস্কার পেলেন নাহিদ রানা

গুনে গুনে ৬ উইকেট, সেটাও আবার বাংলাদেশ ওয়ানডে ইতিহাসের সেরা স্পেল। জিম্বাবুয়ের বিপক্ষে নাহিদ রানার এমন বোলিংয়ে সুখবর তো পাওনাই ছিল। আইসিসি থেকে সেই স্বীকৃতিটাই পেয়েছেন তিনি। ওয়ানডেতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ১২ নম্বরে অবস্থান করছেন এই স্পিডস্টার।

বুধবার আইসিসি থেকে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। তবে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে নাহিদ ছাড়া কেউই উন্নতির মুখ দেখেননি। বোলারদের তালিকায় দেশের হয়ে শীর্ষস্থানে থাকা মেহেদী মিরাজ এক ধাপ পিছিয়ে নবম স্থানে অবস্থান করছেন।

এছাড়া শরিফুল ৩ ধাপ পিছিয়ে ২১, মোস্তাফিজ ৪ ধাপ পিছিয়ে ২৭ এবং রিশাদ ৮ ধাপ পিছিয়ে ৭৩ নম্বরে অবস্থান করছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ২ উইকেট নেওয়া তাসকিন অবশ্য ২৯ নম্বরে নিজের অবস্থান ধরে রেখেছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪২ রান তাড়া করতে গিয়ে ২৫ রানে হেরেছে বাংলাদেশ। ব্যাটারদের এমন হতশ্রী পারফরম্যান্সে উন্নতির আশা করা দায়। আইসিসি র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রতিবেদনে সেই চিত্র আরও স্পষ্ট হলো। গত এক সপ্তাহে বাংলাদেশের কোনো ব্যাটারের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি।

তবে অবনতির তালিকায় নাম লিখিয়েছেন একাধিক ব্যাটার। তানজিদ তামিম এক ধাপ পিছিয়ে ৩৮, লিটন এক ধাপ পিছিয়ে ৬১, সৌম্য পাঁচ ধাপ পিছিয়ে ৭০ এবং অধিনায়ক মিরাজ ৪ ধাপ পিছিয়ে ৭২ নম্বরে অবস্থান করছেন। তবে ২০ ও ৩০ নম্বরে থাকা হৃদয়-শান্তর র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি।

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে বলার মতো কেউ নেই। তবে ৬ উইকেট নেওয়া নাহিদ রানা ৩১ ধাপ এগিয়ে ৬৬ নম্বরে জায়গা নিয়েছেন।

আইএইচ