জিম্বাবুয়ের বিপক্ষে জিততে শেষ দুই ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৪ রান, হাতে ১ উইকেট। ৪৯তম ওভারের প্রথম বলে স্ট্রাইক পেয়েই বড় শট খেলতে চেয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। তবে ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন তিনি। তাতে ১৩ রানে হারে বাংলাদেশ। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে জিম্বাবুয়ে।
এমন হারের পর মিরাজ বলেন, 'লাইটের নিচে ব্যাটিং কিছুটা কঠিন ছিল। তবুও বিশ্বাস ছিল ভালো ব্যাট করা যাবে। তবে আজকে হয়নি। আমার মনে হয় আমাদের কিছু জায়গাতে উন্নতি করতে হবে। ভালো বোলিং করতে হবে যেন তারা জুটি গড়তে না পারে। ব্যাট হাতে তারা অনেক ভালো কিছু জুটি গড়েছে, আমরা আজ তাদের (বল হাতে) থামাতে পারিনি।'
বাংলাদেশকে হারিয়ে সিকান্দার রাজা বলেন, 'আমাদের এই যাত্রাটা শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর আমরা মোমেন্টাম ধরে রাখার চেষ্টা করেছি। ছেলেদের এখন বিশ্বাস আছে, এমন ম্যাচ জেতা সম্ভব। এক বছর আগে হয়ত এসব ম্যাচ আমরা হেরে যেতাম। তবে এখন সবাই মিলে ভালো খেলছে।'
'২৫-৩০ ওভার পর্যন্ত উইকেট কঠিন ছিল। এরপর ব্যাটিং সহজ হয়ে গেছে। আমরাও চেষ্টা করেছি পার্টনারশিপ গড়ার। আমার আরও ভালো করার সুযোগ ছিল, পারিনি। আশা করি পরেরবার পারব।'
এসএইচ/এইচজেএস
