জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানের হারে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ম্যাচে ফিফটি করলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি ওপেনার তানজিদ হাসান তামিম। তাই ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের হারই বেশি ভাবাচ্ছে তাকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমার মনে হয়, এগুলো (তামিম-হৃদয়ের দুই ফিফটি) ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না। আমাদের শেষ পর্যন্ত ব্যাট করা দরকার ছিল। এখানেই ম্যাচটা হেরেছি,’ বলেন এই বাঁহাতি ওপেনার।
তামিম আরও বলেন, ‘আমি আর হৃদয় যখন ব্যাট করছিলাম, আমরা ভালোই এগোচ্ছিলাম। আমাদের বড় জুটি গড়া দরকার ছিল। দুজনই ফিফটি করে আউট হয়ে গেছি। অন্তত একজনের শেষ পর্যন্ত থাকা প্রয়োজন ছিল। সেখানেই ম্যাচটা হাতছাড়া হয়েছে।’
জিম্বাবুয়ের জয়ে বড় ভূমিকা রাখা বেন কারানের ইনিংসের সঙ্গে বাংলাদেশের ব্যাটিংয়ের পার্থক্যও তুলে ধরেন তামিম। তিনি বলেন, ‘কারান শেষ বল পর্যন্ত ইনিংস ক্যারি করেছে, আমরা সেটা করতে পারিনি। মূল পার্থক্য এখানেই।’
বাংলাদেশের হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তামিম ব্যাটারদের দিকেই আঙুল তোলেন। এই ওপেনার বলেন, ‘আমার মনে হয়, আমাদের বোলাররা ভালোই করেছে। কিন্তু আমরা ব্যাটাররা ভালো ব্যাট করতে পারিনি। প্রথম ম্যাচেও ১৪২ রান তাড়া করতে পারিনি। ব্যাটারদের আরও দায়িত্বশীল হতে হবে।’
সিরিজ হারলেও সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেখছেন তামিম। টি-টোয়েন্টি সিরিজের আগে বাকি থাকা শেষ ওয়ানডেটিকে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মঞ্চ হিসেবে দেখছেন তিনি।
‘আমাদের জন্য সিরিজটা ভালো যায়নি। টি-টোয়েন্টি সিরিজের আগে আরেকটি ম্যাচ আছে। সেখানে যদি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই ভালো করতে পারি, তাহলে কিছুটা আত্মবিশ্বাস পাওয়া যাবে। সেটাই টি-টোয়েন্টি সিরিজে কাজে লাগবে’—যোগ করেন তিনি।
ম্যাচের শেষ দিকে আলো কমে যাওয়ার প্রসঙ্গেও কথা বলেন তামিম। ‘লাইটের ব্যাপারটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আন্তর্জাতিক ক্রিকেটে এসব পরিস্থিতির সঙ্গে মানিয়ে খেলতেই হয়। আম্পায়াররা সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’
এসএইচ/আইএইচ
