বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের দ্বিপাক্ষিক সিরিজ চলছে। এরমধ্যে দলটির তিন ফরম্যাটের অধিনায়কের নাম ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। পুরুষ দলের পাশাপাশি নারী দলের অধিনায়কদের নামও চূড়ান্ত করা হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিচ্ছেন রিচার্ড এনগারাভা। হারারে টেস্টেও তিনিই ছিলেন দলের নেতৃত্বে। সাফল্য পাওয়ায় এই পেসারকেই টেস্ট ও ওয়ানডের জন্য নিয়মিত অধিনায়ক হিসেবে চূড়ান্ত করেছে বোর্ড। তবে আজ শেষ ওয়ানডে ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। সিকান্দার রাজা ভারপ্রাপ্ত নেতৃত্বে আছেন।
এদিকে টি-টোয়েন্টি দলে যথারীতি রাজাই দলকে নেতৃত্ব দেবেন। ৪০ বছর বয়সী এই সুপারস্টার নিজেও আছেন ফর্মের তুঙ্গে। দলকেও নেতৃত্ব দিচ্ছেন দারুণভাবে। এছাড়া জিম্বাবুয়ে নারী দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে জোসেফিন এনকোমোকে।
ঘোষণা করা হয়েছে সহ-অধিনায়কদের নামও। টেস্টে ব্রায়ান বেনেট, ওয়ানডেতে সিকান্দার রাজা ও টি-টোয়েন্টিতে রিচার্ড এনগারাভা সহঅধিনায়কের দায়িত্ব পালন করবেন। আর নারী দলে অধিনায়কের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন নমভেলো সিবান্দা।
অধিনায়ক নিয়োগ নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি বলেন, ‘অধিনায়কত্ব শুধু মাঠে দলকে নেতৃত্ব দেওয়ার বিষয় নয়। এর জন্য প্রয়োজন সততা, মানসিক দৃঢ়তা, বিচক্ষণতা এবং সতীর্থদের অনুপ্রাণিত করার সক্ষমতা।’
তিনি আরও বলেন, ‘বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে যে রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা ও জোসেফিন এনকোমো এই গুণাবলির অধিকারী এবং তারা নিজ নিজ দলকে সফলভাবে নেতৃত্ব দেবেন। একইভাবে আমরা বিশ্বাস করি, ব্রায়ান বেনেট, নমভেলো সিবান্দা এবং আমাদের জাতীয় দলগুলোর অন্যান্য সহ-অধিনায়কেরা নেতৃত্বকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং ভবিষ্যতের নেতৃত্বের জন্য নিজেদের আরও পরিণত করে তুলবেন।’
এসএইচ/এফএইচএম
